১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ডের কাছে হেরে ভারতীয় অধিনায়ক বললেন, ‘অনেক শেখার আছে’

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের যাত্রা শুরু হয়েছে পরাজয় দিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ভারতকে হারিয়েছে আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 04:56 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

শ্রেয়াসে আইয়ারের জন্য ম্যাচটি ছিল একই সঙ্গে ফেরার ও নতুন পথচলা শুরুর উপলক্ষ। আড়াই বছর পর ফিরলেন ভারতের টি-টোয়েন্টি দলে। ফিরলেন তিনি দলের নতুন অধিনায়ক হয়ে। কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত তার জন্য বিষাদময় হয়ে গেল আয়ারল্যান্ডের কাছে হেরে। ম্যাচের পর তার উপলব্ধি, কোনো কিছুকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

বেলফাস্টের স্টরমন্টে শুক্রবার ঐতিহাসিক জয়ের স্বাদ পায় আয়ার‌ল্যান্ড। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারত হেরে যায় ৩৪ রানে।

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ ম্যাচ খেলে আইরিশদের প্রথম জয় এটি। 

৫১ রানে ৪ উইকেট হারানো আইরিশরা অধিনায়ক লর্কান টাকারের ৩৬ বলে ৫০ ও গ্যারেথ ডেল্যানির ৩২ বলে ৪৯ রানের ইনিংসে ২০ ওভারে তোলে ১৮২ রান। ভারতের বিস্ফোরক ব্যাটিং লাইন আপ পারেনি লক্ষ্যের কাছাকাছি যেতেও। ওপেনিংয়ে আভিশেক শার্মা ২০ বলে ৪৯ রান করলেও আর কেউ ২৫ ছাড়াতে পারেননি। তাদের ইনিংস শেষ হয় ১৪৮ রানে।

অভিষিক্ত পেসার ম্যাট হলার্ড ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজের শিকারও ৩টি। ভারতেই জন্ম নেওয়া বাঁহাতি পেসার জেয় মুন্ড্রা অভিষেকে দারুণ বোলিংয়ে ২৫ রানে উইকেট নেন ২টি।

গত ৮ মার্চ বিশ্বকাপ ফাইনালের পর ভারতের প্রথম টি-টোয়েন্টি এটিই। ম্যাচের পর শ্রেয়াসকে জিজ্ঞেস করা হলো, লম্বা বিরতিতে তাদের পারফরম্যান্সে মরচে ধরেছে কি না। সেটা মেনে নিয়ে তিনি বললেন শিক্ষা পাওয়ার কথা।

“হ্যাঁ, অবশ্যই (জড়তা ছিল)। যা ঘটেছে, আমরা ভুলে যাব। এই ম্যাচ থেকে অবশ্যই অনেক কিছু শেখার আছে এবং নিশ্চিত করতে হবে যে. আমরা পরবর্তী ম্যাচে পূর্ণ উদ্যমে মাঠে নামব।”

টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেই শিক্ষার একটি হলো, কোনো প্রতিপক্ষকেই হালকা করে না নেওয়া। 

“আমার মনে হয়, কোনো কিছুকেই নিশ্চিত বলে ধরে নেওয়া যাবে না। স্রেফ মাঠে নেমেই ম্যাচ জেতা যায় না। কঠোর পরিশ্রম করতে হয়। যেমনটা আমি আগে বলেছি, বর্তমানে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ পেলে, তা যেন কাজে লাগাতে পারি। আর হ্যাঁ, কোনো মুহূর্ত বা পরিস্থিতিকেই হালকাভাবে নেবেন না।”

অনেক কিছু শেখার কথা বললেন আভিশেক শার্মাও। পাশাপাশি সবটুকু কৃতিত্ব দিলেন তিনি আইরিশদের। 

“আমার মনে হয়, দল হিসেবে আয়ারল্যান্ড যেভাবে ব্যাটিং, বোলিং এবং এমনকি ফিল্ডিং করেছে, তাতে এই জয়টা তাদের প্রাপ্য ছিল। দল হিসেবে আমরা কিছু জিনিস ঠিকমতো করতে পারিনি। কিন্তু প্রতিটি ম্যাচ থেকেই ছোট ছোট বিষয় শেখা যায় এবং আমার মনে হয়, এটিও তেমনই একটি ম্যাচ ছিল। আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু দল হিসেবে তারা সত্যিই খুব ভালো খেলেছে। এই জয়টা তাদের প্রাপ্য ছিল।”

পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে শ্রেয়াসের ছোট্ট উত্তর, “ হ্যাঁ, সেটার জন্য অপেক্ষায় আছি।”

একই মাঠে পরের ম্যাচটি রোববার।