১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওকসকে নিয়ে শঙ্কায় ইংল্যান্ড

সিরিজের সব টেস্টেই খেলা একমাত্র ইংলিশ বোলার শেষ টেস্ট ভালোভাবে শেষ করতে পারবেন কি না, তা এখন চরম শঙ্কায়।

ওকসকে নিয়ে শঙ্কায় ইংল্যান্ড
সোয়েটারকে স্লিং বানিয়ে হাত ঝুলিয়ে মাঠ ছাড়েন ব্যথায় কাতর ওকস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 02:32 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ক্রিস ওকস ইংল্যান্ডের একমাত্র বোলার, চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির সব ম্যাচ যিনি খেলছেন। কিন্তু সিরিজের শেষ টেস্ট তিনি ভালোভাবে শেষ করতে পারবেন কি না, তা এখন চরম অনিশ্চয়তায়। ওভাল টেস্টের প্রথম দিনেই কাঁধের চোটে পড়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষ দিকে ফিল্ডিংয়ে চার বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান ওকস। বাঁ কাঁধের ওপর বাজেভাবে পড়ে গিয়ে সেখানে হাত দিয়ে ধরে রাখেন তিনি। ইংল্যান্ডের ফিজিও মাঠে ঢুকে শুশ্রূষা করার চেষ্টা করেন। পরে সোয়েটারকে স্লিং বানিয়ে হাত ঝুলিয়ে মাঠ ছাড়েন ৩৬ বছর বয়সী পেসার।

চোটের আগে ১৪ ওভার বল করে ৪৬ রানে লোকেশ রাহুলের উইকেট নেন তিনি। ড্রেসিং রুমে চিকিৎসা নেওয়ার পর রাতে তার স্ক্যান করানোর কথা। স্ক্যান রিপোর্ট পেলে বোঝা যাবে কতটা গুরুতর চোট। ধারণা করা হচ্ছে, কাঁধের হাড় নড়ে গেছে তার। 

চোট কাটিয়ে ফেরা পেসার গাস অ্যাটকিনসন দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আভাস দিলেন, ওকসকে এই টেস্টে আর পাওয়ার আশা তারা ছেড়ে দিয়েছেন।

“খুব বেশি কিছু জানি না এটা নিয়ে। তবে আপাতত ভালো মনে হচ্ছে না (ওকসের চোট)। ম্যাচে আবার তাকে দেখা গেলেই আমি অবাক হব।”

“খুবই হতাশাজনক এটি। সিরিজের শেষ ম্যাচে যখন কেউ এভাবে চোটে পড়ে, খুব দুঃখজনক। আশা করি, এটা খুব বাজে কিছু নয়। তবে যেমনই হোক, সবাই তার পাশে থাকবে।”

ওকস সত্যিই মাঠে ফিরতে না পারলে ইংল্যান্ডের জন্য এটি হবে বড় এক ধাক্কা। চোটের কারণে অনেক দিন ধরেই বাইরে মার্ক উড ও অলিভার স্টোন। পেস বোলিং অলরাউন্ডার ও অধিনায়ক বেন স্টোকসও ছিটকে গেছেন চোট নিয়ে। এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে জফ্রা আর্চার ও ব্রাইডন কার্সকে। সিরিজ নির্ধারণী ম্যাচে পেস আক্রমণের বড় ভরসা ছিলেন তাই ওকস। 

সিরিজ বাঁচানোর লড়াইয়ে থাকা ভারত প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ২০৪ রান নিয়ে।