২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উডের তোপে উইন্ডিজকে গুঁড়িয়ে ৪৪ বলে জিতে গেল ইংল্যান্ড

মাত্র আড়াই দিনে এজবাস্টন টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 10:14 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

শুরুতে ধাক্কা দিলেন গাস অ্যাটকিনসন, ক্রিস ওকসরা। মাঝে যোগ দিলেন বেন স্টোকস। আর শেষ দিকে গতির ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ লন্ডভন্ড করে দিলেন মার্ক উড। পরে ছোট লক্ষ্যে টর্নেডো ইনিংস খেললেন স্টোকস। মাত্র আড়াই দিনে এজবাস্টন টেস্ট জিতে গেল ইংল্যান্ড। 

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ক্যারিবিয়ানদের ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ জিতে প্রায় ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তারা। সব মিলিয়ে প্রায় দেড় যুগ পর অন্তত তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। 

বার্মিংহামে ম্যাচের তৃতীয় দিন ৮২ রানের লক্ষ্য মাত্র ৭.২ ওভারে ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। জ‍্যাক ক্রলির জায়গায় ইনিংস সূচনা করতে নেমে ২৮ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন স্টোকস। গড়েন দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। 

২ উইকেটে ৩৩ রান নিয়ে রোববারের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৭৫ রানে। ৪০ রানে ৫ উইকেট নেন ইংল্যান্ডের গতিময় পেসার উড। 

তুলনামূলক সহজ লক্ষ্যে বেন ডাকেটের সঙ্গে ওপেনিংয়ে নেমে যান স্টোকস। এর আগে একবারই ইনিংস সূচনা করেন তিনি। ২০২০ সালের ম্যানচেস্টার টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৫৭ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। 

চার বছর আগের স্মৃতি ফিরিয়ে এবার স্রেফ ২৪ বলে ফিফটি করেন ইংলিশ অধিনায়ক। এর আগে ১৯৮১ সালে ভারতের বিপক্ষে ইয়ান বোথামের করা ২৮ বলে ফিফটি ছিল ইংল্যান্ডের রেকর্ড। 

টেস্টে সব মিলিয়ে স্টোকসের চেয়ে কম বলে ফিফটি আছে আর দুজনের- মিসবাহ উল হক (২১ বল) ও ডেভিড ওয়ার্নারের (২৩ বল)। এছাড়া জ্যাক ক্যালিসের আছে ২৪ বলে ফিফটির রেকর্ড। 

স্টোকসের তাণ্ডবে ৪.২ ওভারে দলীয় পঞ্চাশ পূর্ণ করে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে ‘বল বাই বল’ উপাত্ত থাকা ম্যাচগুলোর মধ্যে এটিই দ্রুততম দলীয় পঞ্চাশ। এই সিরিজেই ট্রেন্ট ব্রিজ টেস্টেও ৪.২ ওভারে পঞ্চাশ করেছিল স্বাগতিকরা। 

অষ্টম ওভারে ক্রেইগ ব্র্যাথওয়েটের বল ছক্কায় উড়িয়ে ম্যাচ শেষ করেন স্টোকস। অন্য প্রান্তে ডাকেট তখন ১৬ বলে ২৫ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৪৪ বলে ৮৭ রান, ওভারপ্রতি রান তোলার হার ১১.৮৬।

টেস্ট ক্রিকেটে পঞ্চাশছোঁয়া জুটিতে এটি সবচেয়ে বেশি রান-রেট। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের হেডিংলি টেস্টে ওভারপ্রতি ১১.৫৫ রান করে ২৭ বলে ৫২ রানের জুটি গড়েছিলেন ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার। 

ব্যাটিংয়ে 'বাজবল'র আগে গতিময় বোলিংয়ে ক্যারিবিয়ানদের ছারখার করেন উড। তার জন্য মঞ্চ গড়ে দেন শোয়েব বাশির, অ্যাটকিনসন, স্টোকসরা। দিনের শুরুতেই আলিক আথানেজকে ফেরান বাশির। 

চতুর্থ উইকেটে ৭২ রান যোগ করেন মিকাইল লুই ও কাভেম হজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করা ওপেনার লুইকে ফিরিয়ে জুটি ভাঙেন স্টোকস। পরে বেশিক্ষণ টিকতে পারেননি জেসন হোল্ডার। ৫৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

দ্বিতীয় সেশনে ফিরে আর কারও দিকে তাকাননি উড। ছয় ওভারের স্পেলে তিনি একাই নেন প্রতিপক্ষের ৫ উইকেট। টানা ঘণ্টায় ১৪৫ কিমি গতিবেগের একেকটি ডেলিভারির কোনো জবাব দিতে পারেননি জশুয়া দা সিলভা, হজ, আলজারি জোসেফরা। 

ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে ৫৫ রান করেন হজ। টেস্ট ক্যারিয়ারের পঞ্চমবার ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন উড।

এই সিরিজ দিয়েই অভিষেক হওয়া অ্যাটকিনসন তিন ম্যাচে ২২ উইকেট নিয়ে পান সিরিজ সেরা ক্রিকেটারের স্বীকৃতি। 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৮২

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৭৬

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস:  (আগের দিন ৩৩/২) ৫২ ওভারে ১৭৫ (লুই ৫৭, আথানেজ ১২, হজ ৫৫, হোল্ডার ১২, দা সিলভা ৫, আলজারি জোসেফ ২, মোটি ৮*, সিলস ০, শামার জোসেফ ৪; ওকস ৬-১-১৪-১, অ্যাটকিনসন ৯-০-২৮-২, বাশির ১৫-১-৪১-১, উড ১৪-১-৪০-৫, স্টোকস ৮-০-৪২-১)

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৮২) ৭.২ ওভারে ৮৭/০ (স্টোকস ৫৭*, ডাকেট ২৫*; আলজারি জোসেফ ৩-০-২৫-০, সিলস ১-০-১১-০, হোল্ডার ২-০-৩১-০, শামার জোসেফ ১-০-৯-০, ব্র্যাথওয়েট ০.২-০-৬-০)

ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মার্ক উড

ম্যান অব দা সিরিজ: গাস অ্যাটকিনসন