‘আমরা অনেক খারাপ ক্রিকেট খেলেছি’, দলের হয়ে বললেন মিরাজ
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হারের পর কোনো অজুহাত না দিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম ইনিংসে একশ পেরোতেই শেষ ইনিংস। দ্বিতীয়বারেও সেই একই শঙ্কা। মেহেদী হাসান মিরাজ ও জাকের আলির জুটিতে কাটে সেই শঙ্কার মেঘ। তবে ম্যাচের ফলে তেমন প্রভাব রাখেনি সেটি। বাজে ব্যাটিং ঢেকে দেওয়ার মতো যথেষ্ট ভালো বোলিংও করতে পারেনি বাংলাদেশ। পরাজয়ের পর সব মিলিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন মিরাজ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতশ্রী ব্যাটিং প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ ম্যাচটি শুরুর আগে এই টেস্ট তো বটেই, সিরিজ জেতার বড় সম্ভাবনার কথাও বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক ও প্রধান কোচ।
কিন্তু মাঠে প্রতিফলন পড়েনি তাদের সম্ভাবনাময় সেসব বার্তার। ঘরের মাঠে আরও একবার যেন ‘পর’ হয়ে পরাজয়ের বেদনায় পুড়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সচরাচর যেমন দেখা যায় এবারও তেমনই হবে মিরপুর টেস্টের উইকেট। তার কথা মিলেছে অর্ধেক। উইকেটে স্পিনারদের জন্য টার্ন যেমন ছিল, তেমনভাবে পেস বলে দেখা গেছে বাড়তি বাউন্স ও মুভমেন্ট। মিরপুরে যা বিস্ময় জাগানিয়া বটে।
এমন উইকেটে দুই ইনিংসেই দক্ষিণ আফ্রিকার বোলারদের কোনো জবাব দিতে পারেনি বাংলাদেশের টপ-অর্ডার। প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার প্রথম ৬ ব্যাটসম্যান ফেরেন ১১২ রানে। এরপর মিরাজ-জাকেরের ১৩৮ রানের জুটিতে ইনিংস পরাজয় শুধু এড়াতে পারে বাংলাদেশ।
সাধারণত মিরপুরে স্পিনারদের দাপট দেখা গেলেও দুই ইনিংসেই দারুণ বোলিং করেন দুই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও ভিয়ান মুল্ডার। ম্যাচে রাবাদার ৯ উইকেটের সঙ্গে পেস অলরাউন্ডার মুল্ডারের শিকার ৩টি। আর দুই স্পিনার কেশাভ মহারাজ ও ডেন পিট মিলে নেন বাকি ৭ উইকেট।
বাংলাদেশ একাদশে থাকা একমাত্র পেসার হাসান মাহমুদ প্রথম ইনিংসে নেন ৩ উইকেট। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাকি ১০ উইকেট নেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মিরাজ।
ম্যাচে হেরে যাওয়ার পর ব্যাটিং ব্যর্থতাই মূল আলোচনায়। পাশাপাশি সফরকারী পেসারদের সাফল্যের কারণে প্রশ্ন উঠছে একাদশ সাজানো নিয়েও। এমনকি ঘরের মাঠের উইকেটের সুবিধা কাজে লাগাতে না পারা নিয়েও চলছে নানান সমালোচনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের বিপরীতে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেন মিরাজ।
“অনেক প্রশ্ন উঠছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম, এত প্রশ্ন আসত না। অবশ্যই এটা আমাদের ব্যর্থতা। আমরা স্বীকার করছি। আমরা দল হিসেবে খেলতে পারিনি। এক-দুইজন ভালো খেললে কখনোই আপনার দল ভালো ফল পাবে না। যে জিনিসটা আমরা পাকিস্তানে করে এসেছিলাম। সেখানে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। হয়তো আমাদের কিছু জায়গায় ঘাটতি ছিল। তবু আমরা জিতেছি।”
এসময় ব্যাটসম্যানদেরকে বড় ইনিংস খেলার তাগিদও দেন স্পিন অলরাউন্ডার।
“অনেক উন্নতির জায়গা আছে। ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে। বোর্ডে যদি রান না দিতে পারি, বোলারদের জন্য কঠিন। আমাদের বোলাররা খুবই ভালো বোলিং করেছে। যেভাবে চাপ দিয়ে সবসময় বোলিং করে, এটার অবশ্যই কৃতিত্ব দিতে হবে। তাইজুল ভাই খুব ভালো বোলিং করেছে।”
“আমরা সেটি আলোচনা করছি যে কীভাবে... প্রত্যেকটা ব্যাটসম্যান রান করবে না। তবে অন্তত ৩-৪ জন যেন রান করে এবং সেটা যেন বড় ইনিংস হয়। তাহলে দলের ভালো হয়। আমরা ওভাবেই দলের ভেতরে কথা বলছি, আলোচনা করছি ব্যাটসম্যানরা। আশা করি, সামনের ম্যাচগুলোতে আমরা ঘুরে দাঁড়াতে পারব।”
দেশের মাঠে এ নিয়ে টানা চার টেস্ট হারল বাংলাদেশ। এই চার ম্যাচের আট ইনিংসের মধ্যে মাত্র দুইবার দুইশ ছুঁয়েছে তাদের দলীয় স্কোর। বিপরীতে প্রতিপক্ষকে পাঁচশর বেশি রান দেওয়ার ঘটনাও আছে এই চার ম্যাচের মধ্যে।
তাই স্বাভাবিকভাবেই ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে না পারার প্রশ্নও উঠছে। এই প্রসঙ্গেও নিজেদের দায় স্বীকার করেন মিরাজ।
“আমরা খারাপ খেলেছি। এজন্যই ওরা সুযোগটা পেয়ে গেছে। আমরা যদি ভালো খেলতাম, তাহলে ওরা এই সুযোগটা পেত না। আমরা অবশ্যই এটা স্বীকার করছি, অনেক খারাপ ক্রিকেট খেলেছি এই ম্যাচে। আমরা ভালো খেললে হয়তো সবকিছু অন্যরকম হতো।”
