১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে মেঘলার বড় লাফ

টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন নিগার সুলতানা, মুর্শিদা খাতুন।

র‍্যাঙ্কিংয়ে মেঘলার বড় লাফ

সানজিদা আক্তার মেঘলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 03:31 PM

Updated : 11 Oct 2022, 04:16 PM

নারী এশিয়া কাপে সানজিদা আক্তার মেঘলার ভালো বোলিংয়ের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ২৫ ধাপ এগিয়েছেন তিনি।

মেয়েদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন নিগার সুলতানা ও মুর্শিদা খাতুন।

গত বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং উপহার দেন সানজিদা। ২ ওভার করে মাত্র ৪ রান খরচায় ধরেন ২ শিকার। ভারতের বিপক্ষে উইকেট না পেলেও দলের হয়ে ওভারপ্রতি সবচেয়ে কম রান দেন তিনিই। শ্রীলঙ্কার সঙ্গে ৪ ওভার করে ১ উইকেট নেন স্রেফ ১৩ রান দিয়ে।

এমন পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন সানজিদা। ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৪তম স্থানে।

৯ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে রুমানা আহমেদ। সবশেষ তিন ম্যাচে লেগ স্পিনে তার শিকার ৭ উইকেট। জাহানারা আলমের উন্নতি ৫ ধাপ, আছেন ৫৯তম স্থানে। ৮ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে আছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান সালমা খাতুনের। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিনি ১৩তম স্থানে। এই তালিকায় যথারীতি শীর্ষে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

মালয়েশিয়ার বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার ব্যাটারদের মধ্যে অগ্রগতি ৩ ধাপ। ২২ নম্বরে থাকা এই কিপার-ব্যাটার দেশের হয়ে আছেন সেরা অবস্থানে। ওই ম্যাচে ৫৬ রান করা মুর্শিদা ১০ ধাপ এগিয়ে ২৭তম স্থানে।

৩ ধাপ নিচে নেমে ফারজানা হক আছেন ৪৯ নম্বরে। ২ ধাপ অবনতি সালমার, অবস্থান ৫২তম। সেরা একশতে বাংলাদেশের আর আছেন রুমানা (৬৮তম) ও শামিমা সুলতানা (৭৯ তম)।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আসেনি পরিবর্তন। আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি চূড়ায় নিউ জিল্যান্ডের সোফি ডিভাইন।