১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাকিবের দেশে ফেরার সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

“সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে”, বললেন আমিনুল হক।

সাকিবের দেশে ফেরার সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 09:58 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব‍্য দেওয়া সাকিব আল হাসানের ব‍্যাপারে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক এই ফুটবলার বলেছেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের ব‍্যাপারে নমনীয় ছিলেন তারা, এখন আর সেই সুযোগ নেই। দেশে আসতে হলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে আইনগতভাবেই ফিরতে হবে। 

২০২৪ সালে শেখ হাসিনা সরকার পতনের সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। দেশে ফিরতে না পারায় সেখানেই পরিবার নিয়ে থিতু হয়েছেন এই অলরাউন্ডার, যিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রে থেকে খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। আওয়ামী লীগ সরকার পতনের পর সেখান থেকেই বিদেশের মাটিতে দেশের জার্সিতে খেলেছেন। অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগেও তাকে দেখা গেছে। এখন খেলছেন শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে।

এখনও খেলতে থাকা এই ক্রিকেটারকে জাতীয় দলে ও দেশে ফেরাতে দুই বছরে নিয়মিত নানান ধরনের আলোচনা শোনা গেছে। বিসিবির পক্ষ থেকেও বলা হয়েছিল উদ্যোগ নেওয়ার কথা। শেষ পর্যন্ত কোনো কিছুই আলোর মুখ দেখেনি।

গত বুধবার নয়া দিল্লিতে হওয়া শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সাকিব। এরপরেই নিজেদের অবস্থান পরিষ্কার করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

“আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবে জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।

“যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। যে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।”