১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানি স্পিনারের সিংহাসন পুনরুদ্ধার

মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাদিয়া ইকবাল।

পাকিস্তানি স্পিনারের সিংহাসন পুনরুদ্ধার
পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ছবি: পিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 05:28 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাদিয়া ইকবালের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার।

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার ঘোষণা করে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন সাদিয়া।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে কোনো উইকেট নিতে পারেননি সাদিয়া। পরে দ্বিতীয় ম্যাচে ১৫ রান দিয়ে ২ শিকার ধরেন তিনি। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৮ রানে তিন উইকেট নিয়ে রাখেন বড় ভূমিকা।

সিংহাসন পুনরুদ্ধারের পথে সাদিয়া পেছনে ফেলেন অস্ট্রেলিয়ান পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ও ভারতীয় স্পিনার দীপ্তি শার্মাকে।

২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন সাদিয়া। গত বছরও এক দফায় শীর্ষস্থান অর্জন করেছিলেন তিনি। এবার ফের সিংহাসনে বসলেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।

তালিকায় আগের মতোই দুইয়ে আছেন দীপ্তি। তবে চারে নেমে গেছেন সাদারল্যান্ড। এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন ইংলিশ স্পিনার সোফি এক্লেস্টোন। ছয় ধাপ এগিয়ে পাঁচে ভারতের রেনুকা সিং ঠাকুর।

মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়া বেথ মুনি। আর অলরাউন্ডারদের তালিকায় যথারীতি চূড়ায় ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।