Published : 14 Sep 2025, 03:54 PM
রোমাঞ্চের নানা মোড় পেরিয়ে ম্যাচ গড়াল শেষ ওভারে। সেখানেও নাটকীয়তার কমতি ছিল না, উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে শেষ বলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের প্রয়োজন ছিল চার রান। স্নায়ুচাপ সামলে ডেভিড ভিসার ফুল টস লং-অন দিয়ে ছক্কায় উড়িয়ে দলকে বাঁধনহারা উল্লাসে মাতালেন ডোয়াইন প্রিটোরিয়াস।
ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকালের ম্যাচটিতে সেন্ট লুসিয়া কিংসকে ২ উইকেটে হারায় গায়ানা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে চতুর্থ দল হিসেবে প্লেঅফে জায়গা করে নেয় মইন আলি, শিমরন হেটমায়াররা।
১৮৬ রান তাড়ায় শেষ ওভারে গায়ানার দরকার ছিল ১২ রান। প্রথম বলে কোনো রান নিতে পারেননি মইন। পরেরটি ছিল ফুল টস, ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি মইন, ক্যাচের সুযোগ কাজে লাগাতে পারেননি ফিল্ডারও। পরে দেখা যায়, বলটি ছিল কোমর উচ্চতার উপরে, ‘নো বল’। ওই বল থেকে দৌড়ে দুই রান নেন মইন ও প্রিটোরিয়াস।
‘ফ্রি হিট’ কাজে লাগাতে পারেননি মইন, আসে কেবল এক রান। পরের বলে দুই রান নেওয়ার চেষ্টায় রান আউট হন তিনি। চতুর্থ ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি প্রিটোরিয়াস। পরের বলটি ছিল ওয়াইড। শেষ দুই বলে ৬ রানের সমীকরণে পঞ্চম ডেলিভারিতে দুই রান নেওয়ার পর শেষ বলে ছক্কায় উড়িয়ে দেন প্রিটোরিয়াস।
দলকে জিতিয়ে ভিসার ঠিক সামনে গিয়ে উদযাপন করেন প্রিটোরিয়াস। তাতে দুইজনে বাকবিতণ্ডায় জড়ালে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। কিছুক্ষণ পরই অবশ্য সবকিছু ঠাণ্ডা হয়ে যায়।
৭ বলে ওই ছক্কায় ১২ রান করেন দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার প্রিটোরিয়াস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি। ২০২৩ সালে ফরচুন বরিশালের জার্সিতে দুটি ও পরের বছর রংপুর রাইডার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন প্রিটোরিয়াস। পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। আর চার ইনিংসে করেছেন ৮১ রান, সর্বোচ্চ ৪৮।
গায়ানার শ্বাসরুদ্ধ এই জয়ের পথে ৫টি ছক্কা ও ৭টি চারে ৩৯ বলে ৭৬ রানের খুনে ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন কুয়েন্টিন স্যাম্পসন। শেই হোপ ৩৪ বলে ৪৪ রান করতে মারেন একটি ছক্কা ও ৪টি চার।
বিফলে যায় রোস্টন চেইসের ৫ ছক্কা ও ৬ চারে খেলা ৯০ রানের ইনিংসটি। তিনটি করে ছক্কা-চারে ৩০ বলে ৫০ রান করেন অ্যাকিম অগাস্টি।
টস জিতে এদিন আগে ব্যাটিংয়ে নামা সেন্ট লুসিয়া কিংসের শুরুটা ভালো হয়নি। ১ রান করে বিদায় নেন টিম সাইফার্ট, ১৬ রান করেন তাদের আরেক ওপেনার জনসন চার্লস।
২৭ রানে ২ উইকেট হারানো দলকে টানেন অগাস্টি ও চেইস। তৃতীয় উইকেটে তারা গড়েন ৯০ রানের জুটি। অগাস্টি ফিফটি করে ফিরলেও শেষ পর্যন্ত খেলে যান চেইস।
রান তাড়ায় পঞ্চম ওভারে বেন ম্যাকডারমটকে হারায় গায়ানা। এরপর দলকে লক্ষ্যের পথে এগিয়ে নেন স্যাম্পসন ও হোপ। দুইজনে গড়েন ৬৬ রানের জুটি।
বিস্ফোরক ব্যাটসম্যান স্যাম্পসনের বিদায়ে এই যুগলবন্দী ভাঙার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ফেলে গায়ানা। ১ উইকেটে ১০৩ থেকে তাদের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৩৩।
জয় থেকে দলকে ২৫ রান দূরে রেখে ১৮তম ওভারে বিদায় নেন হোপও। শেষ ওভারে মইন বিদায় নিলেও, দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন প্রিটোরিয়াস।
প্রাথমিক পর্বের শেষ ম্যাচে সোমবার বারবাডোস রয়্যালসের মুখোমুখি হবে গায়ানা। ম্যাচটি জিততে পারলে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠারও সুযোগ রয়েছে দলটির।