ব্যাট দিয়ে স্টাম্পে মেরে শাস্তি পেলেন বাবর
পাকিস্তানের তারকা ব্যাটসম্যানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আউট হয়ে মেজাজ হারিয়ে ফেললেন বাবর আজম। ক্রিজ ছেড়ে যাওয়ার আগে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন।
শ্রীলঙ্কার বিপক্ষে রোববার তৃতীয় ওয়ানডেতে এমন আচরণ করায় বাবরকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
বাবরের শাস্তির কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
ঘটনাটি ঘটে পাকিস্তানের রান তাড়ার ২১তম ওভারে। জেফ্রি ভ্যান্ডারসের বলে ডিফেন্ড করতে গিয়ে বোল্ড হয়ে যান বাবর। আগের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০৭ দিনের সেঞ্চুরি-খরা কাটানো ব্যাটসম্যান এবার থামেন ৫২ বলে ৩৪ রান করে।
এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বাবর। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন তিনি।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের কোনো সরঞ্জামে আঘাত করলে কিংবা ক্ষতি করলে তা শাস্তিযোগ্য অপরাধ।
ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন বাবর। এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
২১২ রানের লক্ষ্য তাড়ায় ৩২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।
