Published : 23 Dec 2024, 04:29 PM
প্রথমবারের মতো নিউ জিল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন বিস্ফোরক মিডল অর্ডার ব্যাটসম্যান বেভন জ্যাকবস। তাকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে কিউইরা।
দেশের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য সোমবার আলাদা স্কোয়াড দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
লিঙ্কনে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ড একাদশের হয়ে খেলেন জ্যাকবস। যদিও ব্যাটিংয়ের সুযোগ পাননি ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
গত মৌসুমে নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে ৬ ইনিংসে ১৩৪ রান করে আলোচনায় আসেন তিনি। গত মাসে ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। দলটিতে তিনি সতীর্থ হিসেবে পাবেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও সাদা বলের নতুন অধিনায়ক মিচেল স্যান্টনারকে।
টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন ফাস্ট বোলার জ্যাক ফউকস, কিপার-ব্যাটসম্যান মিচেল হে ও টপ অর্ডার ব্যাটসম্যান টিম রবিনসন। দেশের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায় তারা। গত এপ্রিলে পাকিস্তানে সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় ফউকস ও রবিনসনের। নভেম্বরে শ্রীলঙ্কা সফরে এই সংস্করণে অভিষেক হয় হের।
জ্যাকবসের সঙ্গে ফউকস ও রবিনসন শুধু টি-টোয়েন্টি দলে আছেন। ওয়ানডে দলে যোগ দেবেন টম ল্যাথাম, উইল ইয়াং ও উইল ও’রোক। শ্রীলঙ্কা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে আট টেস্টের সবগুলোতে খেলার পর পেসার ও’রোককে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে।
সাদা বলের দলে ফিরেছেন রাচিন রাভিন্দ্রা, ড্যারিল মিচেল ও ম্যাট হেনরি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা সফরে বিশ্রামে রাখা হয়েছিল তাদের।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে চুক্তিবদ্ধ থাকায় দলে নেই কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ফিন অ্যালেন, অ্যাডাম মিল্ন ও টিম সাইফার্ট। চোটের কারণে বাইরে আছেন বেন সিয়ার্স ও কাইল জেমিসন।
আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়েলিংটনে ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি।
নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফউকস, মিচেল হে, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, টিম রবিনসন, ন্যাথান স্মিথ।
নিউ জিল্যান্ড ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, ন্যাথান স্মিথ, উইল ইয়াং।