০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম জয়, আয়ারল্যান্ডের টানা ১৮ হার

শতরানের জুটিতে ঐতিহাসিক এই জয়ে বড় অবদান রেখেছেন দুই বোন ক্যাথরিন ব্রাইস ও সারাহ ব্রাইস।

বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম জয়, আয়ারল্যান্ডের টানা ১৮ হার
জয়ের পর স্কটল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস। ছবি: আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 08:35 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

সামনে থেকে দলকে পথ দেখালেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার পর নিলেন দুটি উইকেট। ব্যাট হাতে অবদান রাখলেন তার দুই বছরের ছোট বোন সারাহ ব্রাইসও। বিশ্বকাপে প্রথম জয়ের উল্লাসে মাতল স্কটল্যান্ড। আয়ারল্যান্ডের প্রথম জয়ের অপেক্ষা বাড়ল আরও।

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের ৪০ রানে হারিয়েছে স্কটল্যান্ড। 

বিশ্বকাপে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল স্কটিশরা। ২০২৪ সালে প্রথমবার অংশ নিয়ে গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটি তারা হেরেছিল।

আয়ারল্যান্ড এই নিয়ে বিশ্বকাপে খেলছে পঞ্চমবার। বিস্ময়করভাবে, এই যাত্রায় ১৮ ম্যাচের সবকটিই তারা হারল! 

ম্যানচেস্টারে শনিবার ২০ ওভারে স্কটল্যান্ড করে ৫ উইকেটে ১৬১ রান। জবাবে আয়ারল্যান্ড ১২১ রানে গুটিয়ে যায় পাঁচ বল বাকি থাকতে।

ওল্ড ট্র্যাফোর্ডে মন্থর উইকেটে মেঘলা আকাশের নিচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না স্কটল্যান্ডের, ৩৬ রানে হারায় দুই ওপেনারকে।

সেখান থেকে তৃতীয় উইকেটে শতরানের জুটিতে দলকে এগিয়ে নেন দুই বোন ক্যাথরিন ও সারাহ। বিশ্বকাপে আগে যেখানে স্কটল্যান্ডের কোনো পঞ্চাশ ছোঁয়া জুটিই ছিল না, সেখানে এই জুটিতে আসে ৬৪ বলে ১০৬ রান। 

সারাহ ব্রাইস (বাঁয়ে) ও ক্যাথরিন ব্রাইস। ছবি: ক্রিকেট স্কটল্যান্ড ফেইসবুক

সারাহ ব্রাইস (বাঁয়ে) ও ক্যাথরিন ব্রাইস

চারটি চার ও একটি ছক্কায় ৩৫ বলে ৪৯ রান করে ফেরেন সারাহ। ছয় চার ও এক ছক্কায় ৩৯ বলে ৬০ রান করেন ক্যাথরিন। 

পরে বল হাতে ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। 

আঁটসাঁট বোলিংয়ে ৩টি করে করে উইকেট নেন স্কটল্যান্ডের দুই স্পিনার গর্ডন ও ক্যাথরিন ফ্রেজার।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করতে পারেন ওপেনার অ্যামি হান্টার।