লাইভ: লিটনের সেঞ্চুরি, মিরাজের ফিফটির পর হাসানের জোড়া আঘাত
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে ২১ রানে এগিয়ে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ৩.৪ ওভারে ৯/২
লিটন-মিরাজের ব্যাটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর দিন
মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের আগের দিনের দারুণ বোলিংয়ের আনন্দ উবে গেল প্রথম ঘণ্টায়। মাত্র ২৬ রানে ড্রেসিং রুমে ফিরে গেলেন প্রথম ছয় ব্যাটসম্যান। পরে দায়িত্ব নিলেন লিটন কুমার দাস, ব্যাট হাতেও অবদান রাখলেন মিরাজ। লড়াইয়ে ফিরল বাংলাদেশ।
ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে ২৬২ রান করে সফরকারীরা। ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ ভাগে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তাদের লিড এখন ২১ রানের।
বাংলাদেশের পক্ষে ২টি উইকেটই নেন হাসান। নিজের প্রথম ওভারে আব্দুল্লাহ শাফিককে ফেরানোর পর দ্বিতীয় ওভারে তিনি বোল্ড করেন 'নাইটওয়াচম্যান' হিসেবে নামা খুররাম শাহজাদকে।
এর আগে দিনের প্রথম ঘণ্টায় পূর্ণ দাপট দেখায় পাকিস্তান। দিনের ১০ ওভারের মধ্যে ফিরে যান প্রথম ছয় ব্যাটসম্যান। সাদমান ইসলাম ছাড়া আর কেউ ৫ রানও করতে পারেননি। টপ, মিডল অর্ডার ধসিয়ে দেন খুররাম শাহজাদ।
বিপর্যয়ের মুখে শুরুতে পাল্টা আক্রমণ করেন মিরাজ। তাকে সঙ্গ দিতে থাকেন লিটন। দ্বিতীয় সেশনে অগ্রণী দায়িত্ব নেন লিটন। অন্য প্রান্তে মিরাজও খেলতে থাকেন সাবলীলভাবে। দুজন মিলে যোগ করেন রেকর্ড ১৬৫ রান।
টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে ৫০ রানের আগে ৬ উইকেট হারানোর পর এটিই সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ। টানা তিন ইনিংসে ফিফটি করা মিরাজ ১২৮ বলে ৭৮ রান করে আউট হন।
পরে হাসানকে নিয়ে নবম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন লিটন। তার ১৩ চার ও ৪ ছক্কায় ২২৮ বলের ইনিংসটি থামে ১৩৮ রানে। ৫১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন হাসান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন খুররাম শাহজাদ। মির হামজা ও সালমান আলি আঘা ধরেন ২টি করে শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ৩.৪ ওভারে ৯/২ (শাফিক ৩, সাইম ৬*, শাহজাদ ০; তাসকিন ২-০-৬-০, হাসান ১.৪-০-৩-২)
শুরুতেই হাসানের ব্রেক থ্রু
দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নেমে শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। দ্বিতীয় ওভারে আব্দুল্লাহ শাফিককে ফিরিয়ে দিলেন হাসান মাহমুদ।
অফ স্টাম্পের বাইরে পিচ করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ড্রাইভ করার চেষ্টায় উইকেটের পেছনে ক্যাচ দেন ৩ রান করা শাফিক।
দিনের খেলা আর ১০ মিনিট বাকি থাকতে 'নাইটওয়াচম্যান' হিসেবে খুররাম শাহজাদকে তিন নম্বরে নামিয়েছে পাকিস্তান।
লিটন-মিরাজের সৌজন্যে বাংলাদেশের রেকর্ড
মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে ২৬২ রানে পৌঁছে দিয়েছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের রেকর্ড ১৬৫ রানের জুটির পর দলীয় স্কোরে রেকর্ড গড়েছে বাংলাদেশও।
৫০ রানের আগে ৬ উইকেট হারানোর পর এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ১৯৬৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪১ রানে ৬ উইকেট হারানোর পর ২৫৫ রান করেছিল পাকিস্তান।
২৬২ রানে অল আউট বাংলাদেশ
সালমান আলি আঘার মিডল-লেগ স্টাম্পে পিচ করা ডেলিভারিতে ব্যাট চালালেন না নাহিদ রানা। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। রিভিউ নিয়েও কোনো ফায়দা হয়নি নাহিদের।
২৬২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। ১২ রানের লিড পেল পাকিস্তান।
টপ, মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতায় মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে শেষ ৪ উইকেটে আসে আরও ২৩৬ রান। এর মধ্যে লিটন কুমার দাস একাই করেন ১৩৮ রান।
টেস্টে শেষ ৪ উইকেটে এর চেয়ে বেশি রান শুধু একবারই পেয়েছে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর আরও ৩৩৬ রান যোগ করেন লিটন, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদরা।
প্রায় তিন বছর পর আরেকটি বিপর্যয়ে দলকে বাঁচানোর নায়কও লিটন। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে ২২৮ বলের ইনিংসটি ১৩ চারের সঙ্গে ৪ ছক্কায় সাজান তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ খেলেন ৭৮ রানের মহামূল্যবান ইনিংস।
সপ্তম উইকেটে রেকর্ডগড়া ১৬৫ রানের জুটি গড়ে তোলেন লিটন, মিরাজ। পরে হাসান মাহমুদকে নিয়ে নবম উইকেটে ৬৯ রান যোগ করেন লিটন। হাসান শেষ পর্যন্ত ১৩ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন খুররাম শাহজাদ। মির হামজা ও সালমান আলি আঘা ধরেন ২টি করে শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ১০/০) ৭৮.৪ ওভারে ২৬২ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, তাসকিন ১, হাসান ১৩*, নাহিদ ০; হামজা ১৬-১-৫০-২, শাহজাদ ২১-৩-৯০-৬, আলি ৭--২-২০-০, আবরার ৩১-৫-৮৩-০, সালমা ৩.৪-০-১৩-২)
সাইমের দুর্দান্ত ক্যাচে লিটনের বিদায়
সালমান আলি আঘার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারলেন লিটন কুমার দাস। কিন্তু দূরত্ব পার করতে পারলেন না। লং অন থেকে ডানে দৌড়ে শেষ মুহূর্তে ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নিলেন সাইম আইয়ুব।
বিদায়ঘণ্টা বাজল লিটনের দুর্দান্ত এক ইনিংসের। ১৩ চার ও ৪ ছক্কায় ২২৮ বলে ১৩৮ রান করেন লিটন। তার বিদায়ে ভাঙে ৬৯ রানের নবম উইকেট জুটি।
৭৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৬২ রান। ৫১ বলে ১৩ রানে অপরাজিত হাসান মাহমুদ। ক্রিজে শেষ ব্যাটসম্যান নাহিদ রানা। এখনও ১২ রানে পিছিয়ে বাংলাদেশ।
হাসানের ক্যাচ ছাড়লেন মাসুদ
অল্পের জন্য বেঁচে গেলেন হাসান মাহমুদ। খুররাম শাহজাদের লেগ স্টাম্পের ওপর গুড লেংথ বল অন সাইডে খেলার চেষ্টায় হাসানের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় শর্ট কভারের দিকে। কিন্তু সেখানে সহজ ক্যাচ নিতে পারেননি শান মাসুদ।
পাকিস্তান অধিনায়কের ব্যর্থতায় ১২ রানে বেঁচে যান হাসান। পরের ওভারে আবরার আহমেদের বল ছক্কায় ওড়ায় লিটন কুমার দাস।
৭৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৫৯ রান। পাকিস্তানের চেয়ে ১৫ রান পিছিয়ে তারা। লিটন ২১৭ বলে ১৩৬ ও হাসান ৪৮ বলে ১২ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৬৬ রান।
লিটন-হাসান জুটির পঞ্চাশ
চা বিরতির পর দারুণ ব্যাটিং করছেন লিটন কুমার দাস ও হাসান মাহমুদ। দুজন মিলে এরই মধ্যে নবম উইকেটে গড়ে তুলেছেন পঞ্চাশছোঁয়া জুটি, ১১৫ বলে।
লিটনকে দারুণ সঙ্গ দিয়ে একপ্রান্ত আগলে রেখেছেন হাসান। বাজে বল পেলে রানের সুযোগ কাজে লাগাচ্ছেন লিটন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে আড়াইশর কাছে বাংলাদেশ।
৭৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৫ রান। পাকিস্তানের চেয়ে এখনও ২৯ রানে পিছিয়ে তারা। লিটন ২০৫ বলে ১২৪ ও হাসান ৪২ বলে ১০ রানে অপরাজিত।
দ্বিতীয় সতর্কতা পেলেন আবরার
বোলিংয়ের পর ফলো-থ্রুতে বারবার পিচের 'ডেঞ্জার জোন' অঞ্চলে পা রাখায় দুইবার সতর্ক করা হয়েছে আবরার আহমেদকে। ইএসপিএন ক্রিকইনফোর মতে, নিজের ২৭ ওভারে এখন পর্যন্ত অন্তত ১০ বার 'ডেঞ্জার জোন' অঞ্চলে পা রেখেছেন আবরার। তবে আম্পায়াররা তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছেন দুইবার।
আরেকবার তাকে এই বিষয়ে সতর্ক করা হলে এই ইনিংসে আর বোলিং করার সুযোগ পাবেন না।
লিটনের অনন্য কীর্তি
মাত্র ২৬ রানে পঞ্চম উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে দারুণ সেঞ্চুরি করলেন লিটন কুমার দাস। একইসঙ্গে তিনি গড়লেন অনন্য এক কীর্তি। ক্যারিয়ারের চার সেঞ্চুরির তিনটিই এমন অবস্থা থেকে করলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
দলের স্কোর পঞ্চাশের কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে নিচে নেমে তিন সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান লিটন।
২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৪৯ রানে চতুর্থ উইকেট পড়ার পর ১১৪ রান করেছিলেন লিটন। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ২৪ রানে পঞ্চম উইকেট পতনের পর এখন পর্যন্ত ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
২৭ মাস পর লিটনের সেঞ্চুরি
আবরার আহমেদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি আলতো ছোঁয়ায় কাট করে দিলেন লিটন কুমার দাস। পয়েন্ট দিয়ে বল চলে গেলো সীমানায়। লিটন পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত শতরানে।
২৭ মাসের বেশি সময় পর তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন লিটন। ২০২২ সালের মে মাসে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর মাঝের ১৮ ইনিংসে ৫টি ফিফটি করলেও শতক ছুঁতে পারেননি।
১১ চার ও ১ ছক্কায় ১৭১ বলে মাইলফলক স্পর্শ করেন লিটন। ৪৩ ম্যাচের ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। ২০২১ সালে চট্টগ্রাম টেস্টে তিনি করেছিলেন ১১৪ রান।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক সেঞ্চুরির মালিক হলেন তিনি।
লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ। দুজনের জুটিতে শেষ সেশনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
৬৫ ওভারে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২১৭ রান। এখনও ৫৭ রানে পিছিয়ে তারা। লিটন ১৭২ বলে ১০৪ ও হাসান ২৭ বলে ২ রানে অপরাজিত।
আরেকটি রিভিউ হারাল পাকিস্তান
আগের ওভারে কঠিন ক্যাচ নিতে পারেননি আবরার আহমেদ। নিজের বলে এই লেগ স্পিনার নিজেই ক্যাচ ছাড়লে ৮৯ রানে বেঁচে যান লিটন দাস।
পরের ওভারে মির হামজার বলে তার বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো পাকিস্তান। কিপার-ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগেছিল বল। তাই দ্বিতীয় রিভিউ হারাল স্বাগতিকরা।
৬২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২০৪। ৯২ রানে খেলছেন লিটন। ২৪ বলে ১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ।
দারুণ সেশনের শেষ দিকে জোড়া ধাক্কা
মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর টিকতে পারলেন না তাসকিন আহমেদ। চা বিরতির আগের ওভারে খুররাম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান। পরপর দুই উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ২৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১১৮ রান। চা বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৯৩ রান। শেষ ২ উইকেট বাকি রেখে পাকিস্তানের চেয়ে আরও ৮১ রানে পিছিয়ে তারা।
সফরকারীদের আশার আলো হয়ে এখনও টিকে আছেন লিটন কুমার দাস। ৯ চার ও ২ ছক্কায় ১২৯ বলে ৮৩ রানে অপরাজিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
মিরাজ ও লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে শাহজাদের দুই ওভারে মিরাজ ও তাসকিনের বিদায়ে আবার চালকের আসনে পাকিস্তান।
মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানোর পর রেকর্ড ১৬৫ রানের জুটি গড়ে তোলেন মিরাজ ও লিটন। ১২৪ বলে ৭৮ রান করে শাহজাদের পঞ্চম শিকার হন মিরাজ। পরে তাসকিনকে ফিরিয়ে ষষ্ঠ উইকেট নেন শাহজাদ।
মিরাজের বিদায়ে ভাঙল রেকর্ড জুটি
নিজের আগের ওভারে বেধড়ক পিটুনি হজমের পর ঘুরে দাঁড়ালেন খুররাম শাহজাদ। দারুণ ফিরতি ক্যাচে তিনি ফেরালেন মেহেদী হাসান মিরাজকে। একইসঙ্গে পূর্ণ করলেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।
১২ চার ও ১ ছক্কায় ১২৪ বলে ৭৮ রান করে ফেরেন মিরাজ। তার বিদায়ে ভাঙল ১৬৫ রানের সপ্তম উইকেট জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ। ১২৪ বলে ৮২ রানে অপরাজিত লিটন কুমার দাস।
৫২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯১ রান। পাকিস্তানের চেয়ে এখনও ৮৩ রানে পিছিয়ে তারা।
মিরাজ-লিটনের জুটির রেকর্ড
শর্ট লেগ, লেগ স্লিপ, ডিপ স্কয়ার লেগ, ফাইন লেগে ফিল্ডার রেখে মেহেদী হাসান মিরাজের জন্য শর্ট বলের ফাঁদ সাজান খুররাম শাহজাদ। প্রথম বল দেখেশুনে ছেড়ে দেওয়ার পরের ডেলিভারিতেই পুল করে ছক্কা মারেন মিরাজ।
ছক্কার সৌজন্যে দেড়শ ছুঁয়েছে মিরাজ ও লিটন কুমার দাসের সপ্তম উইকেট জুটিত। তৃতীয় বলে আরেকটি শর্ট ডেলিভারিতে স্কয়ার ড্রাইভে বাউন্ডারি মারেন মিরাজ। ওভারের পঞ্চম বল আরেকটি ছক্কায় ওড়ান লিটন।
বল সীমানার ওপাড়ে যাওয়ার আগেই পেশির টানে মাটিতে লুটিয়ে পড়েন লিটন। দৌড়ে আসেন মিরাজ। দ্রুত সময়ের মধ্যে ফিজিও এসে শুরু করেন প্রাথমিক শুশ্রূষা।
এখন পর্যন্ত মিরাজ-লিটনের জুটির সংগ্রহ ১৬২ রান। টেস্ট ক্রিকেটে পঞ্চাশের আগে ৬ উইকেট হারানোর পর এটিই সর্বোচ্চ রানের জুটি।
২০০৬ সালে করাচি টেস্টে ভারতের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর ১১৫ রানের জুটি গড়েছিলেন পাকিস্তানের আব্দুর রাজ্জাক ও কামরান আকমল।
৪৯.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮৮ রান। লিটন ১২০ বলে ৮০ ও মিরাজ ১১৬ বলে ৭৭ রানে অপরাজিত।
মিরাজের রেকর্ড
৩০ রানের আগে ৬ উইকেট পড়ার পর আট নম্বরে ব্যাটিংয়ে নেমে পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।
তার আগে এই কীর্তি গড়া অন্য তিনজন- ইংল্যান্ডের চার্লি অ্যাবসলোম, পাকিস্তানের মইন আলি ও ওয়েস্ট ইন্ডিজের জশুয়া ডা সিলভা। এদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি মইনের, ৭০ রান।
এছাড়া ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার একই টেস্টে ফিফটি ও ৫ উইকেট নিলেন মিরাজ।
৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান। মিরাজ ৮৭ বলে ৫৬ ও লিটন কুমার দাস ১০২ বলে ৫৬ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ১১৭ রান।
পাকিস্তানের চেয়ে ১৩১ রানে পিছিয়ে বাংলাদেশ।
মিরাজের টানা তৃতীয় ফিফটি
আট নম্বরে নেমে ব্যাটিংয়ে নির্ভরতার বার্তা দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ৬ উইকেট পড়ার পর টানা তৃতীয় ইনিংসে আট নম্বরে নেমে তিনি পেলেন ফিফটির দেখা। ৯ চারে ৮১ বলে ক্যারিয়ারের অষ্টম পঞ্চাশ করেন মিরাজ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ ও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একমাত্র ইনিংসে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি।
ভয়াবহ বিপর্যয়ের মুখে মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফলো-অন এড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে লিটন দাসের সঙ্গে তিনি গড়েছেন শতরানের জুটি।
৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান। মিরাজ ৮১ বলে ৫০ ও লিটন ৯৬ বলে ৫৪ রানে অপরাজিত।
৮২ বলে লিটনের পঞ্চাশ
একটা সময়ে এগিয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ। সে সময়ে মাটি কামড়ে উইকেটে পড়ে ছিলেন লিটন দাস। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কঠিন সময় কাটিয়ে দেওয়ার পর রানের গতি বাড়িয়েছেন এই কিপার-ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে নিজের অষ্টাদশ পঞ্চাশ ছুঁয়েছেন ৮২ বলে।
একটা সময় ৪৫ বলে লিটনের রান ছিল ১৩। পরের ১০ বলে তুলেছিলেন ২৩ রান। এরপর আবার কিছুটা সাবধানী ব্যাটিং করেন তিনি।
৩৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৩১। ৮৬ বলে ৮ চারে ৫২ রানে খেলছেন লিটন। ৭৯ বলে ৯ চারে মিরাজের রান ৪৮।
শতরানের জুটিতে ফলো-অন এড়াল বাংলাদেশ
লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের শতরানের জুটিতে ফলো-অন শঙ্কা এড়াল বাংলাদেশ।
সপ্তম উইকেট জুটির রান একশ ছুঁয়েছে ১৪৭ বলে। ৫০ রানের নিচে ষষ্ঠ উইকেটের পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা কেবল তৃতীয় একশ রানের জুটি।
২৬ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর শুরু হয়েছিলেন লিটন-মিরাজের বন্ধন। তাদের চেয়ে কম রানে ষষ্ঠ উইকেট হারানোর পর শতরানের জুটি হয়েছে কেবল একটি।
৩৭ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২৮। দুই ব্যাটসম্যানই পঞ্চাশের দুয়ারে দাঁড়িয়ে।
১৭ রানের ওভার
লাঞ্চের পর দ্রুত গতিতে রান তুলছে বাংলাদেশ। পাল্টা আক্রমণে কমিয়ে আনছে ব্যবধান। ফলো-অন এড়ানোর বেশ কাছেই দাঁড়িয়ে সফরকারীরা।
দিনের শুরুতে যাকে সামলাতে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ, সেই খুররাম শাহজাদের ওভার থেকে এলো ১৭ রান।
প্রথম তিন বলে তিনটি চার মারেন লিটন দাস। প্রথমটি স্লিপের পাশ দিয়ে বল পাঠিয়ে। পরেরটি দারুণ স্ট্রেট ড্রাইভে। তৃতীয়টি চমৎকার পুলে।
বাই থেকে স্ট্রাইক পেয়ে বাউন্ডারি মারেন মেহেদী হাসান মিরাজ।
৩১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১০৭। জুটির রান ১১৯ বলে ৮১।
৫৫ বলে ৩৫ রানে ব্যাট করছেন লিটন দাস। প্রথম ৪৫ বলে এই কিপার-ব্যাটসম্যানের রান ছিল ১৩। পরের ১০ বলে এসেছে ২২ রান!
৬৭ বলে ৪২ রানে খেলছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মাশরাফি-সাকিবের ১৬ বছর পর লিটন-মিরাজ
ব্যাটিং বিপর্যয়ের মুখে পঞ্চাশছোঁয়া জুটি গড়ে ১৬ বছর আগের স্মৃতি ফেরালেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।
পঞ্চাশের আগে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে পঞ্চাশছোঁয়া জুটি এর আগে স্রেফ একটি দেখেছে বাংলাদেশ। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ৪৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ৭৮ রান যোগ করেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।
৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৯০ রান। সপ্তম উইকেট জুটির সংগ্রহ এখন পর্যন্ত ৬৪ রান। মিরাজ ৬৫ বলে ৩৮ ও লিটন ৫১ বলে ২৩ রানে অপরাজিত।
লিটন-মিরাজ জুটির পঞ্চাশ
চাপ সামাল দিয়ে ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। মধ্যাহ্ন বিরতির পরপর সপ্তম উইকেট উইকেট জুটির পঞ্চাশ রান পূর্ণ করেছেন দুই ব্যাটসম্যান।
২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৮ রান। মিরাজ ৫৩ বলে ৩৬ ও লিটন ৪৫ বলে ১৩ রানে অপরাজিত। জুটির সংগ্রহ এখন পর্যন্ত ৫২ রান।
চাপ সামলে মিরাজ-লিটনের প্রতিরোধ
ওপরের সারির ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতার পর প্রতিরোধের চেষ্টায় লড়ছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। তৃতীয় দিন প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টায় কোনো উইকেট পড়তে দেননি তারা দুজন।
তবু প্রথম সেশন পুরোটাই পাকিস্তানের। ২৪ ওভারে তারা ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের প্রথম ৬ ব্যাটসম্যানকে। বিপরীতে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৬৫ রান।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৫ রান। ১০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ পরের ১৬ রান তুলতে হারায় ৬ উইকেট। এরপর অবিচ্ছিন্ন জুটিতে ৪৯ রান যোগ করেছেন লিটন ও মিরাজ। ফলো-অন এড়াতে এখনও প্রয়োজন ৫০ রান।
মিরাজ ৪৮ বলে ৩৩ ও লিটন ৪৪ বলে ১৩ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
দিনের শুরুতে দুই পেসার খুররাম শাহজাদ ও মির হামজার তোপে পড়ে বাংলাদেশ। সাদমান ইসলাম ছাড়া প্রথম ছয় ব্যাটসম্যানের আর কেউ ৫ পর্যন্তও যেতে পারেননি। তবে শূন্য রানেও আউট হননি কেউ।
খুররাম ৪ ও হামজা ২ উইকেট নিয়ে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন বাংলাদেশকে।
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
আবরার আহমেদের গুগলি ডেলিভারি ব্যাট দিয়ে না খেলে প্যাড-আপ করলেন লিটন কুমার দাস। বল স্টাম্পে যেতে পারে ভেবে জোরাল আবেদন করলেন ফিল্ডাররা। তাতে সাড়া দিলেন না আম্পায়ার।
কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নিল পাকিস্তান। রিপ্লেতে দেখা গেল, অফ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে যেত ওই বল। তাই বিপদ ঘটেনি লিটনের। বৃথা গেল পাকিস্তানের প্রথম রিভিউ।
মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে প্রতিরোধ গড়ছেন লিটন ও মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে দুজন মিলে যোগ করেছেন ৪৩ রান।
২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬৯ রান। ফলো-অন এড়াতে এখনও প্রয়োজন ৫৬ রান। মিরাজ ৪২ বলে ২৯ ও লিটন ৩৮ বলে ১১ রানে অপরাজিত।
প্রথম ঘণ্টায় পাকিস্তানের দাপট
তৃতীয় দিনের প্রথম ঘণ্টায়ই উবে গেল বাংলাদেশের দ্বিতীয় দিনের দারুণ বোলিংয়ের আনন্দ। লিডের আশায় খেলতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে এখন ফলো-অনের শঙ্কায় সফরকারীরা।
দিনের প্রথম ঘণ্টার ১১ ওভারে প্রথম ৬ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের দুই পেসার মির হামজা ও খুররাম শাহজাদ। বিপরীতে মাত্র ২৬ রান করতে পেরেছে বাংলাদেশ।
১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৬ রান। পাকিস্তানের চেয়ে এখনও ১৩৮ রানে পিছিয়ে তারা। ম্যাচটি কার্যত চার দিনের হয়ে যাওয়ায় ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ৮৯ রান।
৬ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়েছেন শাহজাদ। বাকি ২ উইকেট গেছে হামজার ঝুলিতে।
এমন নয় যে, বিধ্বংসী বা একদমই অপ্রতিরোধ্য বোলিং করেছেন দুই পেসার। বরং আলতো শট, ভুল লাইনে খেলে নিজেদের উইকেট বিলিয়েছেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্তরা, মুমিনুল হক, সাকিব আল হাসানরা।
মুশফিকুর রহিমের আউটের ডেলিভারিটি তুলনামূলক বেশ ভালো ছিল। বাঁহাতি পেসারের অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারি খেলতেই হতো মুশফিকের। সেই প্রক্রিয়ায় তার ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল চলে যায় মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।
দলকে বিপদ থেকে উদ্ধারের অভিযানে এখন ক্রিজে মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।
সাকিবের বিদায়ে মহাচাপে বাংলাদেশ
তৃতীয় দিন সকালে পাকিস্তানের পেসারদের তোপে কাঁপছে বাংলাদেশ। ৩০ রানের আগে ড্রেসিং রুমে ফিরে গেছেন প্রথম ছয় ব্যাটসম্যান।
১২তম ওভারে খুররাম শাহজাদের গুড লেংথ ডেলিভারি ভুল লাইনে রক্ষণাত্মক খেলেন সাকিব আল হাসান। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
রিভিউ নেন সাকিব। রিপ্লেতে দেখা যায়, হালকা লেগ স্টাম্প ছুঁয়ে যেত ওই বল। ফলে 'আম্পায়ার্স কল' বহাল থাকে। অর্থাৎ আম্পায়ার নট আউট দিলে রিভিউ নিলেও ফায়দা হতো না পাকিস্তানের।
১০ বলে ২ রান করেন সাকিব। এ নিয়ে দ্বিতীয়বার ৩০ রানের আগে ৬ উইকেট হারাল বাংলাদেশ। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ২৬ রানে পড়েছিল ষষ্ঠ উইকেট।
১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭ রান। ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ৯৮ রান। নিজেদের সর্বনিম্ন টেস্ট স্কোর থেকে এখনও ১৬ রান দূরে তারা।
ক্রিজে দুই ব্যাটসম্যান লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।
মুমিনুলের বিদায়ে বিপদে বাংলাদেশ
ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেল বাংলাদেশ। ২০ রানের মধ্যে ড্রেসিং রুমে ফিরলেন প্রথম চার ব্যাটসম্যান। আউট হওয়ার তালিকায় সবশেষ নাম মুমিনুল হক।
মির হামজার স্লোয়ার ডেলিভারিতে বোকা বনে গিয়ে শর্ট মিড অনে সহজ ক্যাচ তুলে দেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। ২ বলে মাত্র ১ রান করেন তিনি।
৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২ রান। ফলো-অন এড়াতে এখনও প্রয়োজন ১০২ রান।
ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
শাহজাদের তৃতীয় শিকার শান্ত
তৃতীয় দিনের প্রথম আধঘণ্টায় বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিলেন খুররাম শাহজাদ। দুই ওপেনারের পর নাজমুল হোসেন শান্তকেও ফেরালেন তিনি।
অষ্টম ওভারের চতুর্থ বলে শাহজাদের ফুল লেংথ ডেলিভারি ভেতরে ঢোকার মুখে অন সাইডে খেলার চেষ্টা করেন শান্ত। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। বল এলোমেলো করে দেয় তার স্টাম্প।
৬ বলে ৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান।
সাদমানকেও ফেরালেন শাহজাদ
খুররাম শাহজাদের পরপর দুই ওভারে ড্রেসিং রুমে ফিরলেন বাংলাদেশর দুই ওপেনার। শূন্য রানে জীবন পাওয়া সাদমান ইসলামও পারলেন না সুযোগ কাজে লাগাতে।
অষ্টম ওভারের প্রথম বলে শাহজাদের ভেতরে ঢোকা ডেলিভারিতে পায়ের পেছন দিয়ে বোল্ড হয়ে ফেরেন ২৩ বলে ১০ রান করা বাঁহাতি ওপেনার।
দিনের শুরুতেই দুই ওপেনারের বিদায়ে চাপে বাংলাদেশ। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
এক ওভারে দুবার বাঁচলেন জাকির
দিনের শুরুটা বেশ অস্বস্তিতে কাটছে জাকির হাসানের। পঞ্চম ওভারে মির হামজার বলে দুবার অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।
ওভারের প্রথম বলে স্কয়ার লেগে ক্যাচ নিতে পারেননি আবরার আহমেদ। পরে পঞ্চম বলে রিভিউ নিতে ব্যর্থ হয় পাকিস্তান।
হামজার ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি জাকির। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন করেন হামজা। তাতে সাড়া দেননি আম্পায়ার।
বেশ কিছুক্ষণ আলোচনার পরও রিভিউ নেননি শান মাসুদ। রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করতে লেগ স্টাম্পে। অর্থাৎ রিভিউ নিলে বিদায়ঘণ্টা বাজত জাকিরের।
অল্পের জন্য বাঁচলেন জাকির
দিনের শুরুতেই বড় বিপদের হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ। অল্পের জন্য স্কয়ার লেগে ক্যাচ আউট হননি জাকির হাসান।
মির হামজার করা দিনের তৃতীয় ওভারের প্রথম বলটি ছিল লেগ স্টাম্পের ওপর। ফ্লিক করার চেষ্টায় স্কয়ার লেগে ভাসিয়ে দেন জাকির। বাম দিকে ঝাঁপিয়ে অল্পের জন্য নাগাল পাননি আবরার আহমেদ।
মাঠের দুই আম্পায়ারের সংশয় থাকায় রিপ্লে দেখে নট আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।
৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। জাকির ১১ বলে ১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৮ রানে অপরাজিত।
দ্বিতীয় দিন শেষে যেখানে দাঁড়িয়ে
মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টেস্টে আপাতত নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। পাকিস্তানকে ২৭৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পর শনিবার দিনের শেষভাগে ২ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি সাদমান ইসলাম ও জাকির হাসান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সবকটি উইকেট বাকি রেখে ২৬৪ রানে পিছিয়ে থেকে রোববারের খেলা শুরু করবে বাংলাদেশ। পাকিস্তানের স্কোর ছাড়িয়ে প্রথম টেস্টের মতোই বড় লিডের খোঁজেই থাকবে সফরকারীরা।
দ্বিতীয় দিনের মতো রোববারও খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। আর প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে এদিনও খেলার জন্য বেধে দেওয়া হয়েছে ৯৮ ওভার। যদিও দ্বিতীয় ৭ ঘণ্টায় খেলা হয়েছে মোটা ৮৭.১ ওভার।
শনিবারের মতো রোববারও রাওয়ালপিন্ডির আবহাওয়ার পূর্বাভাসে রোদ ঝলমলে দিনের কথা বলা হয়েছে। আরও একবার হয়তো তীব্র গরমের সঙ্গে লড়াই করতে হবে দুই দলের ক্রিকেটারদের।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০ (সাদমান ৬*, জাকির ০*; হামজা ১-০-৫-০, খুররাম ১-০-১-০)
