১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শরিফুল, ফিরছেন জাকের-মুশফিক

ফিট হয়ে ওঠা লিটন দাস খেলতে পারবেন প্রথম টেস্টেই, শরিফুল ইসলামকে পাওয়া যাবে পরের টেস্টে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 08:20 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

অস্ট্রেলিয়া সফরে চোট নিয়ে দুর্ভাবনায় থাকা বাংলাদেশ দুটি সুখবর পেলে মাঠের লড়াই শুরুর আগে। ডারউইনে দলের সঙ্গেই থাকা লিটন কুমার দাস ফিট হয়ে উঠেছেন। খেলতে পারবেন তিনি প্রথম টেস্টেই। দেশে ফিট হয়ে উঠেছেন শরিফুল ইসলাম। দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়বেন তিনি বুধবার রাতেই। 

এই দুজন খেলতে প্রস্তুত হওয়ায় অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসছেন জাকের আলি ও মুশফিক হাসান। বিসিবি বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে ফিরে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি নেবেন তারা। 

ডারউইনে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে গুটিয়ে যাওয়ার বিভীষিকার পর প্রথম টেস্টে লিটনকে পাওয়া বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। যদিও ম্যাচ অনুশীলনের ঘাটতি তার আছে, গত দুই মাসে কোনো ম্যাচ খেলেননি। তবু মিডল অর্ডারের স্তম্ভকে ফিরে পেয়ে আত্মবিশ্বাস বাড়ার কথা দলের।  

হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফেরা শরিফুলকে অস্ট্রেলিয়া সফরে পাওয়া নিয়ে ছিল সংশয়। পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি করে বাঁহাতি এই পেসার গত সোমবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন। মঙ্গলবার স্পর্শ করেন বোলিং ওয়ার্কলোডের সর্বোচ্চ সীমা। 

দ্বিতীয় টেস্টে খেলার জন্য বিবেচনায় থাকবেন তিনি। ম্যাকাইতে ম্যাচটি শুরু আগামী ২২ অগাস্ট।

জাকের ও মুশফিক স্কোয়াডের বাইরে চলে যাচ্ছেন ম্যাচ না খেলেই। তবে টেস্ট দলের ফেরার দাবি জানানোর সুযোগ তারা পাবেন সামনেই। আগামী ২৩ অগাস্ট থেকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই সিরিজ শেষে ৬ সেপ্টেম্বর শুরু হবে তিনটি একদিনের ম্যাচের সিরিজ।