Published : 26 Jul 2026, 07:27 PM
ব্যাটের কানায় লেগে ম্যাচের প্রথম বলে চার দিয়ে শুরু। এরপর আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ছুটলেন বৈভাব সুরিয়ানভানশি। সম্ভাবনা জাগালেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির। শেষ পর্যন্ত যদিও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন না ভারতের বিস্ময়-বালক।
হারারেতে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৮১ রানের দারুণ ইনিংস খেলেন ভারতের ওপেনার। ৪৯ বলের ইনিংসে চারটি ছক্কা ও আটটি চার মারেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন সুরিয়াভানশি। টানা তিন ম্যাচে অল্পতে আউট হওয়ার পর, একাদশেও হারান জায়গা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ফিরে করেন ১৮ বলের ফিফটি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড এখন তার, ১৫ বছর ১১৮ দিন বয়সে।
সেদিন ভেঙে দেন তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে নেপালের কুশাল মাল্লার করা ফিফটির রেকর্ড।
পরের ম্যাচে ইনিংস বড় করতে পারেননি সুরিয়াভানশি। আউট হয়ে যান এক ছক্কা ও তিনটি চারে ৯ বলে ২০ রান করে। এবার ছাড়িয়ে গেলেন তিনি নিজের আগের সর্বোচ্চ।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্ণ হওয়ার আগে দুটি ফিফটি করা প্রথম ব্যাটসম্যান সুরিয়াভানশি।
জিম্বাবুয়ের বিপক্ষে এদিন সিকান্দার রাজার করা প্রথম ওভারে দুটি চার মারেন তিনি। পরের ওভারে আভিশেক শার্মা বিদায় নেন। আরেক প্রান্তে নিজের মতো খেলে যান সুরিয়াভানশি। এদিন অবশ্য কিছুটা মন্থর ছিল তার রান করার গতি। ৩১ বলে ফিফটি স্পর্শ করেন তিনি দশম ওভারে।
পঞ্চাশের পর ওয়েসলি মাধেভেরেকে টানা দুটি চার মারেন সুরিয়াভানশি। ত্রয়োদশ ওভারে উইকেট ছেড়ে বেরিয়ে এসে রাজাকে লং-অফ দিয়ে ১০২ মিটারের বিশাল ছক্কায় ওড়ান বাঁহাতি ব্যাটসম্যান। এক ওভার পর মাধেভেরেকে হাঁকান আরেকটি ছক্কা।
মনে হচ্ছিল, সুরিয়াভানশির সেঞ্চুরি কেবল সময়ের ব্যাপার। কিন্তু, মাধেভেরের ওই ওভারের শেষ বলে বাউন্ডারিতে ব্র্যাড ইভান্সের চোখধাঁধানো ক্যাচে বিদায় নেন ভারতীয় তরুণ।
সুরিয়াভানশি ছাড়া ফিফটি করতে পারেননি ভারতের আর কেউ। তবে বাকিদের অবদানে ৫ উইকেটে ১৯২ রান করে সফরকারীরা।