এবার নভেম্বরে শুরু আইএলটি-টোয়েন্টি
টানা তৃতীয় মৌসুমে এগিয়ে আনা হলো টুর্নামেন্টের সূচি।
অন্যান্য লিগের সঙ্গে সংঘাত এড়াতে আইএলটি-টোয়েন্টি আরও এগিয়ে এনেছে কর্তৃপক্ষ। টুর্নামেন্টের পঞ্চম আসর নভেম্বরে মাঠে গড়িয়ে পর্দা নামবে ডিসেম্বরে।
আগামী ২২ নভেম্বর পর্দা উঠবে প্রতিযোগিতাটির, চলবে প্রায় এক মাস ধরে। ফাইনালে হবে ২০ ডিসেম্বর।
দুবাই, আবু ধাবি ও শারজাহতে আগের মতোই হবে ৩৪টি ম্যাচ। যেখানে ৩০টি লড়াই প্রাথমিক পর্বের, বাকি চারটি প্লে-অফের। গত চার আসরের মতো এবারের শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে দুবাইয়ে।
এনিয়ে টানা তৃতীয়বারে এগিয়ে আনা হলো সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টের সময়। প্রতিযোগিতাটির তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি-ফেব্রুয়ারিতে। গত আসর হয় ডিসেম্বর-জানুয়ারিতে।
২০২৭ সালের ১০ জানুয়ারিতে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি। ডিসেম্বর-জানুয়ারিতে হয়ে থাকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরও হয়েছিল ডিসেম্বর-জানুয়ারিতে। এসব টুর্নামেন্টের সঙ্গে সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইএলটি-টোয়েন্টি কর্তৃপক্ষ।
গত আসরের মতো এবারও নিলামের মাধ্যমে স্কোয়াড সাজাবে দলগুলো।
