এবার বল হাতে সুরিয়াভানশির ঝলক
ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়ার পর, এবার স্বীকৃত ক্রিকেটে উইকেটের খাতা খুললেন তিনি।
ব্যাট হাতে বৈভাব সুরিয়াভানশির বিস্ময় জাগানিয়া সামর্থ্য সম্পর্কে ক্রিকেট বিশ্বের কমবেশি সবারই জানা। এবার বল হাতেও নিজের প্রতিভার ঝলক দেখালেন তিনি। দুলিপ ট্রফিতে দুর্দান্ত বোলিংয়ে মাত্র চার বলের ব্যবধানে দুই শিকার ধরে, নিজেকে নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন ভারতের এই কিশোর।
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার বল হাতে চমক দেখান সুরিয়াভানশি। নর্থ ইস্ট জোনের বিপক্ষে বাঁহাতি স্পিনে তিন ওভারে ১১ রান খরচায় ২ উইকেট নেন ইস্ট জোনের ক্রিকেটার।
ম্যাচটি ইনিংস ও ২১০ রানে জিতে যায় ইস্ট জোন। এই লড়াইয়ে অবশ্য নিজের মূল কাজ ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সুরিয়াভানশি। ইনিংস শুরু করতে নেমে ৬ বল খেলে ২ চারে ৮ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান তিনি।
সুদিপ কুমার (১৪৬) ও শাহবাজ আহমেদের (১৬৭) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৭ রান করে ইস্ট জোন। পরে নর্থ ইস্ট জোনকে প্রথম ইনিংসে ১১১ রানে গুটিয়ে আবার ব্যাটিংয়ে পাঠায় তারা। এবার প্রতিপক্ষকে ১৪৬ রানে অলআউট করে বড় জয় তুলে নেয় ইস্ট জোন।
নর্থ ইস্ট জোনের দ্বিতীয় ইনিংসের ২৬তম ওভারে সুরিয়াভানশির হাতে বল তুলে দেন অধিনায়ক ইশান কিষান। প্রথম ওভারে ২ রান দেন সুরিয়াভানশি। দ্বিতীয় ওভারে ধরেন জোড়া শিকার।
ওই ওভারের দ্বিতীয় বলে তাকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলে ক্যাচ তুলে দেন কিষান লিঙদো। স্বীকৃত ক্রিকেট ক্যারিয়ারে এটি সুরিয়ভানশির প্রথম উইকেট।
পরের ডেলিভারিতে চার মেরে রানের খাতা খোলেন ইমলিওয়াতি লেমতুর। এক বল পর তাকেও বিদায় করে দেন সুরিয়াভানশি, কট বিহাইন্ড হন লেমতুর।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে চার ইনিংসে বোলিং করেছিলেন সুরিয়াভানশি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন ইনিংস ও টি-টোয়েন্টিতে দুই ইনিংসে হাত ঘুরিয়েছিলেন তিনি।
