২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে জেতাতে এক ওভার ভালো করতে পারলেও খুশি নাহিদ

উইকেট পাওয়ার চেয়ে দলে প্রভাব রাখতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ নাহিদ রানার কাছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 09:09 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

ঘটনা এক: নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটি তখন শক্ত ভিত গড়ার চেষ্টায়। বল হাতে পেয়ে প্রথম বলেই জুটি ভাঙলেন নাহিদ রানা। ঘটনা দুই: বাংলাদেশ অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল কিউইদের চতুর্থ উইকেট জুটি। আক্রমণে ফিরে জুটি থামিয়ে দলকে স্বস্তি এনে দিলেন নাহিদ।

ওই দুটি ঘটনাই শুধু নয়, ম্যাচে নিজের চার স্পেলের প্রতিটিতেই প্রথম ওভারে উইকেট পেয়েছেন তরুণ এই ফাস্ট বোলার। বিশেষ কোনো পরিকল্পনা করেই কি নাহিদের এমন বোলিং? ২৩ বছর বয়সী পেসার যদিও বললেন, উইকেট নেওয়ার কোনো ভাবনা তার থাকে না, দলে প্রভাব রাখাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেটা এক ওভার হলেও তৃপ্ত তিনি।

মিরপুরে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে তীব্র গরমের মধ্যে আগুনে বোলিংয়ে ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ। ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার এই স্বাদ পেলেন তিনি। এই মিরপুরেই গত মাসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি ২৪ রানে।

খর্বশক্তির নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ভীষণ খরুচে ছিলেন নাহিদ। একটি উইকেট নিতে ১০ ওভারে দিয়েছিলেন ৬৫ রান। বাংলাদেশও হেরেছিল ম্যাচ। 

এবার নিউ জিল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে বল হাতে পেয়েই ২৫ রানের শুরুর জুটি ভাঙেন তিনি প্রথম বলে। ২৮ ওভার শেষে পানি পানের বিরতির পর দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে পঞ্চাশোর্ধ্ব জুটি ভাঙেন তিনি ওভারের তৃতীয় বলে।   

শেষ দিকে তার দুটি স্পেল ছিল এক ওভারের। প্রথমটিতে উইকেট ধরা দেয় প্রথম বলে, পরেরটিতে তৃতীয় বলে। 

নিউ জিল্যান্ড থমকে যায় ১৯৮ রানে। ৬ উইকেটের অনায়াস জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে নাহিদ বললেন, প্রতিটি স্পেলের শুরুতে উইকেট নেওয়ার কোনো পরিকল্পনা তিনি করেননি। উইকেট পাওয়াকে বড় করেও দেখেন না তিনি।

“অবশ্যই দেখেন, আমি সবসময় চেষ্টা করি দলের জন্য প্রভাব রাখার। সেটা হতে পারে একটা স্পেল, হতে পারে একটা ওভার। যে কোনো সময় হতে পারে। সবসময় চেষ্টা করি যে, যদি আমার দলকে জেতানোর জন্য একটা ওভারও ভালো করতে পারি এবং সেই ওভারটা যদি দলে প্রভাব ফেলে, তাহলে আমি খুশি। আমার কাছে উইকেটের চেয়ে গুরুত্বপূর্ণ আমি দলকে জেতাতে পারছি কি না, এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার।