Published : 20 Aug 2026, 07:13 PM
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ওপর আরোপিত ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করেছে আইসিসির আপিল প্যানেল। গত জুনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডের উইকেটকে ‘অসন্তোষজনক’ রায় দিয়ে ভেন্যুটিকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।
কম রানের ওই ম্যাচে স্পিনাররা বাড়তি সহায়তা পাওয়ায় উইকেট নিয়ে সমালোচনা হয় অনেক। স্বাগতিকরা ৪২ ওভারে অস্ট্রেলিয়াকে ১৫৭ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয় ৪ উইকেটে। তিন ম্যাচের সিরিজটিতে এটিই ছিল একমাত্র ওয়ানডে, যেখানে কোনো দলের স্কোরই দুইশ হয়নি।
রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত তিনটি ওয়ানডেতেই স্পিন সহায়ক উইকেট তৈরি করেছিল পাকিস্তান। দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জোরালভাবেই তাদের এই কৌশল সমর্থন করেছিলেন।
বৃহস্পতিবার আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল প্যানেল ম্যাচের ফুটেজ, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং সংশ্লিষ্ট দলগুলোর মন্তব্য পর্যালোচনা করে শাস্তি প্রত্যাহার করেছে। প্যানেলের মতে, ম্যাচ রেফারি আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার নির্দেশিকা অনুসরণ করলেও, “পিচটিতে অতিরিক্ত অসমতা বা স্পিন ছিল না।”
টরন্টোর কিং সিটির মেপল লিফ ক্রিকেট গ্রাউন্ডের তিনটি ডিমেরিট পয়েন্ট বহাল রাখা হয়েছে। এখানে গত ১৬ জুন কানাডা ও নেদারল্যান্ডসের মধ্যকার পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচের উইকেটের বিষয়ে ম্যাচ রেফারির দেওয়া ‘অনুপযুক্ত’ রায় বহাল রেখেছে আপিল প্যানেল।
তবে একই সিরিজে এই মাঠে ৮ জুন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের উইকেটের জন্য আরোপিত একটি ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করা হয়েছে। ম্যাচ রেফারি এই উইকেটকে ‘অসন্তোষজনক’ রায় দিয়েছিলেন।