২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ বলে সেঞ্চুরি, ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০, অবিশ্বাস্য সুরিয়াভানশি

রেকর্ডের পর রেকর্ড গড়ে চলা ভারতের ১৪ বছর বয়সী বিস্ময়-বালক উপহার দিলেন আরও একটি রেকর্ডময় ইনিংস, তবে একটুর জন্য হলো না ডাবল সেঞ্চুরির রেকর্ড।

৩৬ বলে সেঞ্চুরি, ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০, অবিশ্বাস্য সুরিয়াভানশি
এমন উদযাপন নিয়মিতই করতে দেখা যায় বৈভাব সুরিয়াভানশিকে। ছবি: ভিডিও থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 12:01 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বৈভাব সুরিয়াভানশি এখন আর কোনো চমকপ্রদ নাম নয়। বিধ্বংসী সব ইনিংস তার কাছ থেকে প্রত্যাশিতই। তবু নতুন করে বিস্ময় উপহার দেওয়ার পথ তিনি খুঁজে নিচ্ছেন। রেকর্ডের পর রেকর্ড গড়ে চলা ভারতের ১৪ বছর বয়সী বিস্ময়-বালক উপহার দিলেন আরও একটি রেকর্ডময় ইনিংস। তবে শেষটায় রয়ে গেল একটু খামতি। অল্পের জন্য হলো না ডাবল সেঞ্চুরির রেকর্ড।

ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের আসর ভিজায় হাজারে ট্রফির নতুন মৌসুমের উদ্বোধনী দিনেই তোলপাড় ফেলে দিলেন সুরিয়াভানশি। বিহারের হয়ে বুধবার রাঁচিতে আরুনাচলের বিপক্ষে উপহার দিলেন তিনি ৮৪ বলে ১৯০ রানের ইনিংস। 

এর মধ্যে ১৫৪ রান করেছেন তিনি শুধু বাউন্ডারিতেই। চার মেরেছেন ১৬টি, ছক্কা ১৫টি।

১৪ বছর ২৭২ দিন বয়সে ইনিংসটি খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন সুরিয়াভানশি। তিনি ভেঙে দিয়েছেন জাহুর এলাহির রেকর্ড। সাবেক পাকিস্তানি ওপেনার ১৫ বছর ২০৯ দিন বয়সে রেলওয়েজের হয়ে সেঞ্চুরি করেছিলেন ১৯৮৬ সালে। 

ইনিংসটির পথে শতরান ছুঁয়েছেন তিনি ৩৬ বলে। ফিফটি করতে তার বল লাগে ২৫টি। পরের পঞ্চাশ করে ফেলেন মাত্র ১১ বলেই। এর মধ্যে ছক্কাই ছিল ছয়টি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে তার চেয়ে কম বলে সেঞ্চুরি আছে আর কেবল তিনজনের।

২৯ বলে সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্স ২০১৫ সালে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেটি আন্তর্জাতিক ওয়ানডের দ্রুততম শতরান। ভারতের আনমোলপ্রিত সিং গত বছর পাঞ্জাবের হয়ে আরুনাচলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৩৫ বলে। 

শতরানে দ্রুততম না হলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বলে দেড়শ ছোঁয়ার বিশ্বরেকর্ড ঠিকই গড়েছেন সুরিয়াভানশি। এখানে তিনি পেছনে ফেলেন ডি ভিলিয়ার্সকে।

৫৯ বল খেলে এ দিন দেড়শ স্পর্শ করেছেন সুরিয়াভানশি। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডি ভিলিয়ার্সের দেড়শ এসেছিল ৬৪ বলে।

সেখানেই না থেমে সুরিয়াভানশি ছুটে যাচ্ছিলেন দুইশর দিকে। দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। 

কিন্তু তেচি নেরির বলে আউট হয়ে যান ৮৪ বলে ১৯০ রান করে। 

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড নিউ জিল্যান্ডের চ্যাড বোয়েসের, ১০৩ বলে। 

সুরিভানশি যখন আউট হন, বিহারের ইনিংসের তখন মোটে ২৭ ওভার চলছে। 

গত বছর থেকেই ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়াতে শুরু করেন সুরিয়াভানশি। এই বছরটা তার কাটছে রূপকথার মতো। ১৩ বছর বয়সে আইপিএলের নিলামে দল পাওয়ার পর গত আইপিএলে তিনি আলোড়ন তোলে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে। রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচ খেলে ২৫২ রান করেন ২০৬.৫৫ স্ট্রাইক রেটে।

আইপিএলের পর বয়সভিত্তিক ক্রিকেটে রান ও রেকর্ডের স্রোত বইয়ে দিচ্ছেন তিনি। সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে। ইংল্যান্ডে যুব ওয়ানডে সিরিজে ৩৫৫ রান করেন ১৭৪ স্ট্রাইক রেটে।

এখনও পর্যন্ত ১৫টি যুব ওয়ানডে খেলে রান করেছেন তিনি ৫১.১৩ গড়ে ৭৬৭। স্ট্রাইক রেট ১৫৮.৭৯।

কদিন আগে যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেন ১৪ ছক্কায় ৯৫ বলে ১৭১ রানের ইনিংস। এই মাসের শুরুতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও বিহারের হয়ে করেন সেঞ্চুরি।

গত মাসে দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪২ বলে ১৪৪ রানের ইনিংসের পথে সেঞ্চুরি করে ৩২ বলে। ভারতীয়দের মধ্যে যা তৃতীয় দ্রুততম টি-টোয়েন্টি শতরান।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ ম্যাচ খেলেই তার শতরান এখন তিনটি। স্ট্রাইক রেট ২০৪.৩৭।

সিনিয়র ক্রিকেটে টি-টোয়েন্টির বাইরে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি এই ভিজায় হাজারে ট্রফি দিয়েই। এই ম্যাচের আগে লিস্ট 'এ' ক্রিকেটে ৬ ইনিংসে একটি ফিফটি ছিল তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ ম্যাচ খেলে ফিফটি করতে পেরেছেন ১টি।

ভিজায় হাজারে ট্রফিতে প্রথম কয়েকটি ম্যাচের পর আর খেলতে পারবেন না বাঁহাতি এই ওপেনার। আগামী মাসের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যোগ দেবেন তিনি ভারতের যুব দলে।