২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে অ্যাটকিনসনের আগুনে পুড়ল ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানে হারিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 05:20 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

লর্ডসের লং রুম পেরিয়ে শেষবারের মতো যখন মাঠে নামছিলেন জেমস অ্যান্ডারসন, পুরো স্টেডিয়ামের দর্শকরা তখন দাঁড়িয়ে। সতীর্থ ও প্রতিপক্ষের ক্রিকেটাররা দিলেন গার্ড অব ওনার। কিংবদন্তির বিদায় বলে কথা! ক্যারিয়ারের শেষ ইনিংসেও বল হাতে আলো ছড়ালেন অ্যান্ডারসন। সঙ্গে গাস অ্যাটকিনসনের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিল ইংল্যান্ড।

অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচটি তৃতীয় দিনের প্রথম সেশনেই জিতল ইংলিশরা। শুক্রবার তারা ক্যারিবিয়ানদের হারায় ইনিংস ও ১১৪ রানে। তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল বেন স্টোকসের দল।

প্রথম ইনিংসে ১২১ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা দ্বিতীয়ভাগে করতে পারে ১৩৬ রান। আর একমাত্র ইনিংসে স্বাগতিকরা করে ৩৭১ রান।

এই টেস্টকে ‘অ্যান্ডারসনের ম্যাচ’ বললে একটুও ভুল হবে না। অনেক আবেগ আর আয়োজন ছিল তাকে ঘিরে। টেস্ট ইতিহাসের সফলতম পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে কথা। তিন দিন ধরেই তার বাবা-মা, স্ত্রী-সন্তানরা ছিলেন গ্যালারিতে। কদিন পর ৪২ বছর পূর্ণ করতে যাওয়া অ্যান্ডারসন ম্যাচ শেষে যখন মাঠ ছাড়লেন, আরেকবার তাকে অভিবাদন জানালেন সকলে। যেতে যেতে হাত উঁচিয়ে জবাব দিলেন তিনি।

শেষটাও দারুণ বোলিংয়ে রাঙালেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়া ডানহাতি এই পেসার দ্বিতীয়ভাগে ৩ উইকেট নিলেন ৩২ রান খরচায়। সব মিলিয়ে, ১৮৮ টেস্টের ৩৫০ ইনিংসে ৪০ হাজারের বেশি বল করে ৭০৪ উইকেট নিয়ে শেষ করলেন তিনি। 

অ্যান্ডারসনের বিদায়ের বিষাদেই ইংল্যান্ডের জন্য নতুন আশার ঝিলিক হয়ে এলেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া এই পেসার এবার ৬১ রান দিয়ে ধরলেন পাঁচ শিকার।

টেস্ট অভিষেকে দুই ইনিংসেই পাঁচটি উইকেট করে নেওয়া ইতিহাসের দ্বাদশ বোলার অ্যাটকিনসন। এই কীর্তি গড়া ইংল্যান্ডের চতুর্থ বোলার তিনি।

ক্যারিয়ারের প্রথম টেস্টে অ্যাটকিনসনের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো ইংলিশ বোলার। ১০৬ রানে তার নেওয়া ১২ উইকেট অভিষেক ম্যাচে কোনো ইংলিশ বোলারের দ্বিতীয় সেরা বোলিং। অল্পের জন্য ভাঙতে পারেননি তিনি ১৮৯০ সালে ফ্রেড মার্টিনের গড়া ১০২ রানে ১২ উইকেট নেওয়ার রেকর্ড।

জয়ের মঞ্চ ইংল্যান্ড গড়ে রেখেছিল আগের দিনই। ৬ উইকেটে ৭৯ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের গুটিয়ে দিতে বেশি সময় নেয়নি তারা।

যার শুরুটা করেন অ্যান্ডারসন। দিনে নিজের দ্বিতীয় ওভারেই জশুয়া দা সিলভাকে কট বিহাইন্ড করে দেন তিনি। কয়েক ওভার পর আলজারি জোসেফকে ফিরিয়ে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন অ্যাটকিনসন। এই পেসার নিজের পরের ওভারে ভেঙে দেন শামার জোসেফের স্টাম্প।

জেডেন সিলসকে নিয়ে গুডাকেশ মোটি চেষ্টা চালান কিছুক্ষণ। তাদের জুটি ভাঙার সুযোগ পেয়েছিলেন অ্যান্ডারসন। কিন্তু মোটির ফিরতি ক্যাচ ধরতে পারেননি তিনি। পরে সিলসকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন অ্যাটকিনসন।

ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার। ওই ম্যাচ দিয়ে শুরু হবে পেস বোলিং গ্রেট অ্যান্ডারসনকে ছাড়া ইংল্যান্ডের নতুন পথচলা। 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১২১

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৭১

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৩৬ (আগের দিন ৭৯/৬) (জশুয়া ৯, আলজারি জোসেফ ৮, মোটি ৩১*, শামার জোসেফ ৩, সিলস ৮; অ্যান্ডারসন ১৬-৭-৩২-৩, ওকস ৭-৩-১১-০, অ্যাটকিনসন ১৪-২-৬১-৫, স্টোকস ১০-৪-২৫-২)

ফল: ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: গাস অ্যাটকিনসন

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ইংল্যান্ড