Published : 13 Oct 2025, 11:34 AM
উইমেন’স ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৩০০ রান করতে পারেনি এতদিন কোনো দলই। ভারত ৩০০ ছাড়িয়ে পৌঁছে যায় ৩৩০ রানে। সেই রানও যথেষ্ট হয়নি জয়ের জন্য। আঙুল ওঠার কথা তাই বোলারদের দিকে। কিন্তু হারমাপ্রিত দায় দিচ্ছেন দলের ব্যাটিংকেই। ভারতীয় অধিনায়কের মতে, রানই ৩০-৪০ কম হয়েছে তাদের!
হারমানপ্রিতের এমন মন্তব্যের কারণ আছে বটে। এক পর্যায়ে তো মনে হচ্ছিল, ভারতের রান ৩৫০ পেরিয়ে যাবে অনায়াসেই!
বিশাখাপাত্নামে রোববার ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন স্মৃতি মান্ধানা ও প্রাতিকা রাওয়াল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি অসাধারণ ফর্মে থাকা মান্ধানা করেন ৬৬ বলে ৮০, প্রাতিকা করেন ৭৫। পরে হার্লিন দেওল(৪২ বলে ৩৮) ও হারমানপ্রিত কৌর (১৭ বলে ২২) বড় ইনিংস খেলতে না পারলেও ধরে রাখেন রানের ধারা। ৪২.৫ ওভারে ভারতের রান ছিল ৪ উইকেটে ২৯৪।
সেখান থেকে ৩৬ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ভারত অবিশ্বাস্যভাবে গুটিয়ে যায় ৪৯ ওভারের মধ্যেই। প্রথমবা পাঁচ উইকেটের স্বাদ পান অস্ট্রেলিয়ান পেসার অ্যানাবেল সাদারল্যান্ড।
মাঝবিরতিতে তার পরও ভারতই ছিল ফেভারিট। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার সামনে ছিল ইতিহাস গড়ার চ্যালেঞ্জ। উইমেন’স ওয়ানডের ইতিহাসে তিনশ রান তাড়ায় জয়ের নজির ছিল স্রেফ একটিই, গত বছর দক্ষিণ আফ্রিকার ৩০১ তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। কিন্তু বিশ্বরেকর্ড গড়া তো অস্ট্রেলিয়ার জন্য যেন প্রিয় শখ!
৩৩১ রান তাড়ায় জিতে নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে নেয় অস্ট্রেলিয়া। ১০৭ বলে ১৪২ রানের ইনিংস উপহার দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি। সঙ্গে অন্য ব্যাটারদের সংযোগে বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ জিতে নেয় তিন উইকেটে। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় ব্যবধান একটু কম হয়েছে, এই যা।
“আমরা খুব ভালো শুরু করেছিলাম এবং যে অবস্থা ছিল, আমাদের আরও ৩০-৪০ রান করা উচিত ছিল। শেষ ছয়-সাত ওভারে ওই রানগুলি করতে পারিনি আমরা। আমরা একের পর এক উইকেট হারিয়েছি এবং সেটির মূল্য আমাদেরকে দিতে হয়েছে। কারণ উইকেট আজকে ভিন্ন ছিল। আমরা জানতাম, দারুণ ব্যাটিং উইকেট এটি। কিন্তু শেষ ছয় ওভারে আমরা কাজে লাগাতে পারিনি।”
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে জয়ের পর বড় দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারত। আগের ম্যাচে শেষ ৫ ওভারে ৫২ রানের সমীকরণ মিলিয়ে রোমাঞ্চকর জয় পায় দক্ষিণ আফ্রিকা। এবার বড় পুঁজি নিয়েও পরাজয় অস্ট্রেলিয়ার কাছে।
ব্যাটিং আর বোলিং, দুটিরই শেষটুকু ভালো না হওয়া দুর্ভাবনায় ফেলছে কোচ অমল মজুমদারকে।
“দেখুন, ক্রিকেট ম্যাচে ভালোভাবে শেষ করাটা জরুরি। আমি সবসময়ই বলে থাকি, এমনকি ড্রেসিং রুমেও বলি, ভালো একটা শুরু তো অবশ্য প্রয়োজন, আরও বেশি প্রয়োজন ভালোভাবে শেষ করা। দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ দিকে যদি তাকান, বোলিংয়ের কথা ভাবলে, শেষ পাঁচ ওভারে আমরা ম্যাচ হেরে গেছি। আজকে ব্যাটিংয়ে যদি আরও ২০ রান করতে পারতাম আমরা, হয়তো চিত্র ভিন্ন হতো।”
“তার পরও অবশ্য বলতে হবে, ক্রমে উন্নতি হচ্ছে আমাদের। অনেক কিছু শিখেছি আমরা। শিক্ষাগুলোকে কাজে লাগানো ও ইতিবাচক থাকার কথা সবসময় বলি আমি। ভালোভাবে শেষ করাটাও শিক্ষার একটি অংশ।”
পরের ম্যাচে ভারতের অপেক্ষায় আরেকটি কঠিন লড়াই। রোববার ইন্দোরে হারমানপ্রিতদের প্রতিপক্ষ ইংল্যান্ড।