১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাড়ে ১৬ কোটি রুপিতে ধরে রাখা আকসারই দিল্লির অধিনায়ক

লোকেশ রাহুল ও ফাফ দু প্লেসিস দলে থাকলেও দিল্লি ক্যাপিটালস অধিনায়কের দায়িত্ব দিল আকসার প্যাটেলকে, আইপিএলের দশ দলের পাঁচটিতেই এবার নতুন অধিনায়ক।

সাড়ে ১৬ কোটি রুপিতে ধরে রাখা আকসারই দিল্লির অধিনায়ক
আকসার প্যাটেলের এখন সুসময়। ছবি: আইপিএল।

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 11:39 AM

Updated : 26 Aug 2026, 12:01 PM

এই একটি দলেরই নেতা চূড়ান্ত করা বাকি ছিল। তাদের অধিনায়কের নামটি শেষ পর্যন্ত ছোটখাটো একটি চমক হয়েই এলো। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন আকসার প্যাটেল। 

গত দুই মৌসুমে দিল্লির সহ-অধিনায়ক ছিলেন আকসার। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন বলেই তাকে এবার সাড়ে ১৬ কোটি রুপিতে ধরে রেখেছে দল। সেদিক থেকে তার নেতৃত্ব পাওয়া খুব বিস্ময়কর নয়। তার পরও এটি একটু চমক, কারণ নিলাম থেকে ১৪ কোটি রুপিতে তারা দলে নিয়েছে লোকেশ রাহুলকে। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আইপিলেও তার নেতৃত্বের অভিজ্ঞতা বিস্তর। 

এছাড়াও নিলাম থেকে দলে নিয়েছে তারা আইপিএলের আরেক অভিজ্ঞ অধিনায়ক ফাফ দু প্লেসিকেও। এছাড়া দলে আছেন এবার মিচেল স্টার্কের মতো তারকাও। তবে শেষ পর্যন্ত তারা ভরসা রাখল আকসারের ওপর।

দিল্লির স্বত্বাধিকারীদের একজন পার্থ জিন্দাল অবশ্য পরিষ্কার করে দিলেন, আকসারের সঙ্গে রাহুল, দু প্লেসি ও স্টার্কও থাকবেন দলের "লিডারশিপ গ্রুপে।"

কদিন আগেই ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দারুণ অবদান রাখেন আকসার। পাঁচ নম্বরে ব্যাটিংয়ের নতুন ভূমিকাতেও তিনি ছিলেন তুমুল আলোচনায়। এবার নেতৃত্ব পেলেন আইপিএলে। ৩১ বছর বয়সী অলরাউন্ডারের বৃহস্পতি এখন তুঙ্গে বলা যায়। 

ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা তার খুব সমৃদ্ধ নয়। সব সংস্করণ মিলিয়ে গুজরাটকে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবারের সৈয়দ মুশতাক আলি ট্রফি ও ভিজায় হাজারে ট্রফিতে দায়িত্বে ছিলেন এই স্পিনিং অলরাউন্ডারই।

গত আইপিএলে রিশাভ পান্তের অনুপস্থিতিতে একটি ম্যাচে দিল্লির অধিনায়ক ছিলেন আকসার। প্লে-অফের লড়াইয়ের জন্য র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে জিততেই দিল্লিকে। কিন্তু হেরে যায় তারা। আকসার দিজে অবশ্য ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন।

এবার নিলামের আগে পান্তকে ছেড়ে দেওয়ায় দিল্লির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার আকসারই। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ছয় মৌসুমে ৮২ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে প্রায় ৩০ গড়ে ২৩৫ রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন ১১টি।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আকসার বললেন, এই ভার বয়ে নেওয়া ও প্রত্যাশা পূরণে নিজেকে এখন তৈরি মনে করছেন আকসার।

“দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার আমার জন্য পরম সম্মানের এবং আমার ওপর ভরসা রাখার জন্য আমাদের স্বত্বাধিকারী ও সাপোর্ট স্টাফদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসে আমার পথচলায় ক্রিকেটার ও মানুষ হিসেবে সমৃদ্ধ হয়েছি এবং দলকে সামনে এগিয়ে নিতে নেতৃত্ব দিতে নিজেকে প্রস্তুত ও আত্মবিশ্বাসী মনে করছি।”

“মেগা নিলামে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গড়তে আমদের কোচিং স্টাফ ও স্কাউটরা দারুণ কাজ করেছেন এবং এই দলের সম্ভাবনা প্রচুর। দলে অনেক নেতাও আছেন, যা আমাকে সহায়তা করবে এবং দলে যোগ দিতে তর সইছে না আমার। সমর্থকদের প্রবল ভালোবাসা ও সমর্থনকে সঙ্গী করে ক্যাপিটালসের সফল এক মৌসুমের অপেক্ষায় আমরা।”

আইপিএলের শুরুর সময়ের আট দলের মধ্যে এখনও পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস (আগে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব) ও দিল্লি ক্যাপিটালস (আগে ছিল দিল্লি ডেয়ার ডেভিলস)। নানা সময়ে নানা কিছু চেষ্টা করেও মূল লক্ষ্য পূরণ হয়নি তাদের। গত মৌসুমে ১৪ ম্যাচে সাতটি করে জয়-হারে তাদের অবস্থান ছিল ষষ্ঠ। এবার ্বার নতুন কিছু চেষ্টা করে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। 

নতুন অধিনায়কের  বেশ আগেই নতুন কোচিং স্টাফ ঠিক করেছে তারা। সাবেক ব্যাটসম্যান ও ভারতের এই সময়ের আলোচিত কোচ হেমাং বাদানি এবার দলটির প্রধান কোচ। সহকারী কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক কোচ ম্যাথু মট, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আছেন সাবেক অলরাউন্ডার ভেনু গোপাল রাও।

আকসারকে দিয়ে এবার আইপিএলের ১০ দলের পাঁচটির অধিনায়কই নতুন। বেঙ্গালুরুর অধিনায়ক এবার রাজাত পাতিদার, লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের রিশাভ পান্ত, কলকাতা নাইট রাইডার্সের আজিঙ্কা রাহানে ও পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার।