Published : 12 Sep 2026, 09:24 PM
লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই নেই দুই উইকেট। শুরুর সেই ধাক্কা সামলে দলকে কক্ষপথে রাখলেন জো রুট ও জর্ডান কক্স। তাদের অবিচ্ছিন্ন জুটিতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল ইংল্যান্ড। সঙ্গে ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে পারল তারা।
এজবাস্টন টেস্টের চতুর্থ দিন ৮ উইকেটে জিতেছে ইংলিশরা। শনিবার প্রথম সেশনেই ১৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।
ম্যাচের লাগাম শুরু থেকেই ছিল স্বাগতিকদের হাতে। পাকিস্তানকে প্রথম ইনিংসে ১৩৩ রানে গুটিয়ে তারা করে ৪৫৩ রান। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে করে ৪৪৯ রান।
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৩ রানে হারায় ইংল্যান্ড। আর লর্ডসে পায় ১৯৪ রানের জয়।
লিডসে ৬৬ রানের ইনিংস দিয়ে সিরিজ শুরু করা রুট শেষটাও করেন ফিফটি দিয়ে। ৮ চারে ৬২ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক।
সিরিজে তৃতীয় ফিফটিতে ৮ চারে ৫৯ রানে অপরাজিত থাকেন কক্স। রুটের সঙ্গে ১২৮ রানের জুটি গড়ে দলের জয় অবদান রাখেন তিনি।
প্রথম ইনিংসে ৬৫ রান ও বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ড্যান লরেন্স। সিরিজ সেরা হন যৌথভাবে পাকিস্তানের মোহাম্মাদ আব্বাস ও ইংল্যান্ডের অলি রবিনসন।
রান তাড়ায় প্রথম বলে কট বিহাইন্ড হয়ে যান ডাকেট। ওভারের শেষ বলে এমিলিও গেকে এলবিডব্লিউ করে দেন আব্বাস। ২ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন রুট ও কক্স।
মুখোমুখি প্রথম বলে রাজাউল্লাহকে চার মেরে রানের খাতা খোলেন রুট। তিন বল পর পাকিস্তানের তরুণ পেসারকে বাউন্ডারি হাঁকান আরেকটি। রুটের মতো আত্মবিশ্বাসী শুরু করেন কক্সও।
দশম ওভারে রুটকে বোল্ড করে দেন মোহাম্মাদ আলি। কিন্তু পাকিস্তানি পেসার 'ফ্রন্ট ফুট নো বল' করায় বেঁচে যান রুট। তখন ২৩ রানে ছিলেন রুট।
মোহাম্মাদ ইমরানকে চার মেরে ৫৭ বলে ফিফটিতে পা রাখেন রুট। সাইম আইয়ুবকে বাউন্ডারি হাঁকিয়ে পঞ্চাশ স্পর্শ করেন কক্স, ৬৮ বলে। তাদের যুগলবন্দি আর ভাঙতে পারেনি পাকিস্তান। ২৫তম ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ১৩৩
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫৩
পাকিস্তান ২য় ইনিংস: ৪৪৯
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১৩০) ২৪.২ ওভারে ১৩০/২ (ডাকেট ০, গে ০, কক্স ৫৯*, রুট ৬২*; আব্বাস ৮-১-২৭-২, রাজাউল্লাহ ৫-০-৩৯-০, আলি ৪-০-২৩-০, ইমরান ৪.২-০-২৪-০, সাইম ৩-০-১৭-০)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ড্যান লরেন্স
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০ তে জয়ী ইংল্যান্ড
ম্যান অব সিরিজ: অলি রবিনসন ও মোহাম্মাদ আব্বাস