১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শারমিন-দিলারা-স্বর্ণার উন্নতি, ৪৮ ধাপ এগোলেন সুলতানা

উইমেন’স টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু।

শারমিন-দিলারা-স্বর্ণার উন্নতি, ৪৮ ধাপ এগোলেন সুলতানা
বাংলাদেশ নারী দল। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 08:15 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশের জন্য কেটেছে ভীষণ বাজে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন।

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা। ৪৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে আছেন তিনি। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৩-০ ব্যবধানে হারা সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ৩০ বছর বয়সী এই অফ স্পিনার। তিন ম্যাচে ওভারপ্রতি ৫.৮০ করে রান দিয়ে তিনি নেন ৬ উইকেট। 

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে আছেন শারমিন। পাঁচ ধাপ এগিয়ে দিলারার অবস্থান ৫৫তম। স্বর্ণা এগিয়েছেন ১৯ ধাপ, আছেন ৬২তম স্থানে।

সিরিজে তিন ম্যাচে শারমিনের ব্যাট থেকে আসে ২৫, ১ ও অপরাজিত ৪৪ রান। দিলারা করেন ২৩, ২৩ ও ৯। প্রথম ম্যাচে ৬০ রানের ইনিংস খেলা স্বর্ণা পরের দুটিতে করেন ১২ ও ৪।

সিরিজ সেরার পুরস্কার জয়ী শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু র‍্যাঙ্কিংয়ে দুই বিভাগে এগিয়েছেন।

অ্যাশলি গার্ডনার ও দিপ্তি শার্মাকে পেছনে ফেলে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠেছেন তিনি। তার ওপরে আছেন হেইলি ম্যাথিউস ও অ্যামেলিয়া কার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৪১তম স্থানে আছেন ৩৬ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার আতাপাত্তু। এখানে চূড়ায় আছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

ব্যাটারদের তালিকায় আগের মতো নবম স্থানে আছেন আতাপাত্তু। এখানে সবার ওপরে যথারীতি অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল।

তিন ম্যাচে ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আতাপাত্তু। উইকেট নেন তিনি চারটি।