২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সভার পর পদত্যাগ করে বেরিয়ে গেলেন বিসিবি পরিচালক

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন চারজন পরিচালক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের তালিকায় যুক্ত হলো আরও এক নাম। এবার বোর্ড থেকে সরে দাঁড়ালেন ফাইয়াজুর রহমান। বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন এই পরিচালক।

শনিবার দুপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন ফাইয়াজুর। দীর্ঘ সভার এক পর্যায়ে সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বোর্ড থেকে চলে যান। 

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই সরে দাঁড়ালেন এই নিয়ে চারজন পরিচালক। গত বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এর আগে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন।

অন্য তিনজনের মতো ফাইয়াজুরও ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন পদত্যাগপত্রে। গত অক্টোবরে বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটেগরি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। 

গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। এরপর গত ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালক পদ থেকেই সরে দাঁড়ান আমজাদ হোসেন। এরপর থেকেই গুঞ্জন ছিল, আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করার কথা ভাবছেন। সেসবকেই সত্যি প্রমাণ করে তিন দিনের মধ্যে চলে গেলেন আরও দুই পরিচালক।