১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবিউলের তোপে বিধ্বস্ত এনামুল-মিঠুনরা

বিসিএলের প্রথম রাউন্ডে দক্ষিণাঞ্চলকে ১০ উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল।

রবিউলের তোপে বিধ্বস্ত এনামুল-মিঠুনরা
রংপুরের হয়ে গত বছর এনসিএল জিতেছেন রবিউল হক। ছবি: রবিউলের ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 07:42 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

ইনিংসের তৃতীয় ওভারে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানলেন রবিউল হক। দক্ষিণাঞ্চলের টপ ও মিডল অর্ডারে ধস নামিয়ে জয়ের ভিত গড়ে দিলেন এই পেসার। পরে রান তাড়ায় আগ্রাসী ব্যাটিংয়ে উত্তরাঞ্চলকে বড় জয়ের আনন্দে ভাসালেন সাব্বির হোসেন।

বিসিএলের প্রথম রাউন্ডের তৃতীয় দিন বৃহস্পতিবার ১০ উইকেটে জিতেছে আকবার আলির দল।

প্রথম ইনিংসে ৩১৪ রান করা দক্ষিণাঞ্চলকে দ্বিতীয় ইনিংসে স্রেফ ১৭২ রানে গুটিয়ে দেওয়ার কারিগর রবিউল। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই পেসার। প্রথম শ্রেণিতে এই স্বাদ চতুর্থবার পেলেন তিনি।

৪২৬ রান করে প্রথম ইনিংসে ১১২ রানের লিড নেয় উত্তরাঞ্চল। পরে ৬১ রানের লক্ষ্য সাব্বিরের ঝড়ে ৯.৪ ওভারেই ছুঁয়ে ফেলে তারা। চারটি ছক্কা ও তিনটি চারে ৩৫ বলে ৫৪ রান করেন সাব্বির।

৬ উইকেটে ৩৭৯ রান নিয়ে খেলতে নেমে নতুন দিনে আর কেবল ৪৭ রান যোগ করতে পারে উত্তরাঞ্চল। ১৫১ রানের সঙ্গে তৃতীয় দিন ৪ রান যোগ করতেই ফিরে যান প্রিতম কুমার।

এদিন আরও তিন শিকার ধরে পাঁচ উইকেট পূর্ণ করেন সফর আলি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থবার এই কীর্তি গড়েন এই পেসার।

পরে আগুনে বোলিং করেন রবিউল। নিজের দ্বিতীয় ওভারেই এনামুলকে বোল্ড করে দেন তিনি। ফজলে মাহমুদ, কালাম সিদ্দিকি ও মোহাম্মদ মিঠুনকে দেননি টিকতে। শেষ দিকে আবু জায়েদ রাহির স্টাম্প ভেঙে পাঁচ উইকেট পূর্ণ করেন রবিউল।

তাইজুল ইসলাম ও মেহরব হাসান নেন দুটি করে উইকেট।

৬৭ রানে ৬ উইকেট হারানো দক্ষিণাঞ্চলের রান দেড়শর কাছে নিয়ে যান সামিউন বাশির ও মইন খান। দুজনে গড়েন ৮০ রানের জুটি। তিনটি করে ছক্কা-চারে ৫৩ রান করেন সামিউন। একটি ছক্কা ও ৬ চারে ৪২ রান করেন মইন।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে সফর আলিকে টানা দুটি চার মারেন সাব্বির। পরে রিজানকে একটি ও মইনকে টানা দুটি ছক্কায় ওড়ান তিনি। ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন সাব্বির।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩১৪

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯৭.৩ ওভারে ৪২৬ (আগের দিন ৩৭৯/৬) (প্রিতম ১৫৫, সানজামুল ৪৫, রবিউল ৫, তাইজুল ১০, মুশফিক ১*; আবু জায়েদ ২১-১-৭৫-২, সফর ১৯.৩-২-৯৯-৫, মইন ১৩-১-৬০-০, রিজান ৩-১-১৮-০, সামিউন ১৪-১-৫০-২, আশরাফুল ২৫-৩-৯২-১, ফজলে মাহমুদ ১-০-৪-০, মিঠুন ১-০-৫-০)

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৪৫.১ ওভারে ১৭২ (ইফতেখার ৩২, এনামুল ৯, ফজলে মাহমুদ ৮, কালাম ২, মিঠুন ১০, রিজান ৩, সামিউন ৫৩, মইন ৪২, আশরাফুল ৫, আবু জায়েদ ১, সফর ০*; রবিউল ১৩-১-৫৩-৫, মুশফিক ৮-১-৪৯-০, সাব্বির ২-০-৫-০, মামুন ৭-৩-১০-১, তাইজুল ৯-১-৩৭-২, মেহরব ৬.১-০-১৬-২)

উত্তরাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ৬১) ৯.৪ ওভারে ৬১/০ (মামুন ৭*, সাব্বির ৫৪*; আবু জায়েদ ৩-১২-০, সফর ০.৫-০-৯-০, রিজান ৩.৫-১-১৬-০, মইন ২-০-২৪-০)

ফল: উত্তরাঞ্চল ১০ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রবিউল হক।