১৩.৫ ওভারে গুটিয়ে শত বছরে সবচেয়ে ক্ষণস্থায়ী ইনিংস শ্রীলঙ্কার
মার্কো ইয়ানসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা।
মার্কো ইয়ানসেনের দুর্দান্ত বোলিংয়ের কোনো জবাবই পেল না শ্রীলঙ্কা। তার ক্যারিয়ার সেরা বোলিং আর নিজেদের নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় নিজেদের ইতিহাসে প্রথমবার একশ বল খেলার আগেই গুটিয়ে গেল তাদের ইনিংস।
দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে থামানো শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করতে পেরেছে কেবল ৪২ রান। খেলতে পেরেছে কেবল ১৩.৫ ওভার।
বলের দিক থেকে টেস্টে ইতিহাসে এটা দ্বিতীয় ক্ষণস্থায়ী ইনিংস, ১৯২৪ সালের জুনের পর প্রথম।
টেস্টের সুদীর্ঘ ইতিহাসে বলের দিক থেকে সবচেয়ে ক্ষণস্থায়ী ইনিংসের বিব্রতকর রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ১৯২৪ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৩ ওভার ব্যাটিং করে তারা তুলেছিল কেবল ৩০ রান।
ক্রিকেটের সবচেয়ে পুরোনো সংস্করণে এই দুইবারই কোনো ইনিংস শেষ হলো ১৫ ওভারের আগে।
এই প্রথম ৫০ রানের নিচে অলআউট হলো শ্রীলঙ্কা, ব্যর্থ হলো কোনো ইনিংসে একশ বল খেলতে। টেস্টে তাদের আগের সর্বনিম্ন ছিল ৭১ রান, পাকিস্তানের বিপক্ষে ১৯৯৪ সালে ক্যান্ডিতে।
ডারবানের কিংসমেড স্টেডিয়ামে এটাই সর্বনিম্ন দলীয় ইনিংস। আগের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০২২ সালে ৫৩ রানে গুটিয়ে গিয়েছিল তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো দলের এটাই সর্বনিম্ন। ২০১৩ সালে কেপ টাউনে নিউ জিল্যান্ডের ৪৫ ছিল আগের রেকর্ড।
পেস সহায়ক উইকেটে ইয়ানসেন, জেরাল্ড কুটসিয়া, কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার ৯ ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অঙ্ক। অভিজ্ঞ দিনেশ চান্দিমাল, কুসাল মেন্ডিসসহ পাঁচ জন ফেরেন শূন্য রানে।
বিভীষিকার সেশনে প্রতিরোধ গড়তে পারেননি কেউ। কোনো জুটিও পারেনি প্রোটিয়া পেসারদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে। তিন চারে ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। দুই চারে ১০ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।
৬.৫ ওভারে ১৩ রানে ৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ইয়ানসেন। কুটসিয়া ২ উইকেট নেন ১৮ রানে।
