১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন হলে এবার কি লঞ্চে ট্রফি নিয়ে বরিশালে যাবেন তামিমরা

গত আসরে বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার কথা বলেছিলেন দলটির কর্ণধার, যদিও শেষ পর্যন্ত তা হয়নি।

চ্যাম্পিয়ন হলে এবার কি লঞ্চে ট্রফি নিয়ে বরিশালে যাবেন তামিমরা
বিপিএলের গত আসরে প্রথমবার শিরোপার স্বাদ পায় ফরচুন বরিশাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

গত বছর ফাইনাল জেতার পরপরই ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনার বাস্তবায়ন আর হয়নি।  এবারও চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি দলটির সামনে। এবার বরিশালবাসী ও সমর্থকদের জন্য আশার কথা বললেন অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলের গত কয়েক আসরে সবচেয়ে ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। মাঠের খেলা কিংবা মাঠের বাইরের ব্যবস্থাপনায় আদর্শ দলের প্রতিচ্ছবিই হয়ে উঠেছে তারা। দলটির সমর্থনও বেড়েছে তড়তড়িয়ে। এমনিতেই বরিশালবাসীর আবেগ-ভালোবাসা তো আছেই, এছাড়াও তারকা ক্রিকেটারদের জন্য ও দলের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অনেকের সমর্থন আছে প্রবল। 

ঢাকা, সিলেট বা চট্টগ্রাম- বিপিএলের যে কোনো মাঠে বরিশালের ম্যাচ মানেই যেন গ্যালারিতে তিল ঠাঁই আর নাহিরে! লিগ পর্বের শেষ দিনই যেমন, চিটাগং কিংসের বিপক্ষে বরিশালের জন্য গুরুত্বহীন ম্যাচেও লাল জার্সি পরিহিত সমর্থকদের উপস্থিতি ছিল দেখার মত।

টুর্নামেন্টজুড়েই এটি ছিল বিপিএলের নিয়মিত চিত্র। সবগুলো ম্যাচে গ্যালারির বড় অংশের সমর্থন পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুরু থেকেই বিপুল সমর্থকগোষ্ঠির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসছে দলটি।

ফাইনালের মঞ্চে নামার আগের দিন সংবাদ সম্মেলনে আরও একবার বরিশালের সমর্থকদের ধন্যবাদ দিলেন অধিনায়ক তামিম। 

“প্রথম দিন থেকেই বলছি, আমরা খুবই ভাগ্যবান যে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। যাদের এত সমর্থন। চট্টগ্রাম, সিলেট বা ঢাকা, যখন যেখানেই খেলি, গ্রুপ পর্ব হোক বা কোয়ালিফাইং, বরিশালের দর্শক সবসময় ছিল।” 

“আমরা অনেক ভাগ্যবান। বিপিএল নিয়ে আমরা সবসময় এই স্বপ্নই দেখেছি যে, একেকটা ফ্র্যাঞ্চাইজির একেক ধরনের ফ্যানবেইজ থাকবে। যা আমার মনে হয়, বরিশাল খুবই সফলভাবে করতে পেরেছে, বিশেষ করে গত ২ বছরে।”

সমর্থকদের ভালোবাসার প্রতিদান গত আসরে ভালোভাবেই দিয়েছেন তামিমরা। সেবার প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি। ফাইনালে জেতার পর ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির কর্নধার। নানা কারণে সেটি সম্ভব হয়নি।

এবারও সর্বোচ্চ সাফল্যের পুনরাবৃত্তি করার সুযোগ বরিশালের।  চিটাগং কিংসের বিপক্ষে শেষ বাধা উতরাতে পারলে এবার ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার আশার কথা জানিয়ে রাখলেন দলটির অধিনায়ক। 

“অবশ্যই তাদের (সমর্থক) জন্য আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেন আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি। আর যদি হতে পারি ইনশাআল্লাহ্, পরিকল্পনা তো আছে (লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার)।” 

“গতবারও পরিকল্পনা ছিল। আমার মনে হয়, কোনো একটা কারণেই হয়তো যাওয়া হয়নি। এমন না যে আমাদের ইচ্ছা ছিল না। আমাদের সবসময় ইচ্ছা ছিল। এবারও ইচ্ছা আছে। আল্লাহ যদি আমাদের ওপর রহমত করে, তাহলে অবশ্যই (লঞ্চে করে ট্রফি নিয়ে যাব)।”

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।