এনামুলের আরেকটি ৫ উইকেট, দেড় দিনেই জিতল ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে সুমন খানের পর তার সতীর্থ এনামুল হকও পেলেন ৫ উইকেটের স্বাদ, রাজশাহীকে উড়িয়ে ঢাকার সহজ জয়।
শুভাগত হোমের ডেলিভারি মিড অফের দিকে ঠেলে রানের জন্য ছুটলেন এসএম মেহেরব হাসান। কিন্তু মাঝ ক্রিজে পৌঁছে আচমকা দাঁড়িয়ে গেলেন তিনি। অন্য প্রান্তের আসাদুজ্জামানও ততক্ষণে পিচের মাঝে। মাহফুজুর রহমানের থ্রো ধরে স্টাম্প এলোমেলো করে দিলেন শুভাগত। হাস্যকর রান আউটে সমাপ্তি ঘটল রাজশাহীর দ্বিতীয় ইনিংসের। দেড় দিনেই জয়ের আনন্দে ভাসল ঢাকা।
শেষের ওই রান আউটের মতোই পুরো ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে রাজশাহী। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে দুইবারই তাদের ব্যাটিং গুঁড়িয়ে আড়াই দিনের খেলা বাকি থাকতে ইনিংস ও ১১ রানের জয় পেয়েছে ঢাকা।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে সুমন খানের তোপে মাত্র ৪২ রানে গুটিয়ে যায় রাজশাহী। পরে ১৮১ রান করে ঢাকা। ১৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বারে এনামুল হকের ৫ উইকেটে ১২৮ রানের বেশি করতে পারেনি রাজশাহী।
ইনিংস ব্যবধানে জয় পাওয়ায় বোনাসসহ ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা। ছয় ম্যাচে ২ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে দুই নম্বরে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ১ জয়, ১ ড্র ও ৪ পরাজয়ে ১০ পয়েন্ট পাওয়া রাজশাহীর অবস্থান সপ্তম।
প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ মাত্র ১৮ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সুমন। দ্বিতীয়বারে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন এনামুল। চলতি লিগে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। সব মিলিয়ে ৩২ উইকেট নিয়ে সবার ওপরে ২৪ বছর বয়সী পেসার।
১ উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। একপ্রান্ত কিছুক্ষণ আগলে রেখে ৬ চারে ৫২ বলে ৩৮ রান করেন তানজিদ হাসান। তিন বলের মধ্যে তানজিদ ও মিজানুর রহমানকে আউট করে দেন এনামুল।
পরে মেহেরব চেষ্টা করেন ইনিংস পরাজয় এড়াতে। কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো সমর্থন পাননি। ৩৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান।
এনামুলের ৫ উইকেটের সঙ্গে রিপন মন্ডল নেন ৩টি।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ২০.৫ ওভারে ৪২
ঢাকা ১ম ইনিংস: ১৮১
রাজশাহী ২য় ইনিংস: ৩০ ওভারে ১২৮ (আগের দিন ১৮/১) (সাব্বির ১৬, তানজিদ ৩৮, মিজানুর ১৯, প্রিতম ১, মেহেরব ২৬*, শাকির ১০, সানজামুল ১, শফিকুল ১, মোহর ১, আসাদুজ্জামান ০; সুমন ৮-০-২৯-০, এনামুল ১২-২-৫৪-৫, মাহফুজুর ১-০-৫-০, শুভাগত ৩-০-১১-০, রিপন ৬-০-২০-৩)
ফল: ঢাকা ইনিংস ও ১১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সুমন খান
