পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ
Published : 27 Sep 2024, 01:54 PM
পাকিস্তান সফর শুরুর আগেই শেষ হয়ে গেল জশ হালের জন্য। উরুর চোটে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে যেতে পারবেন না ইংল্যান্ডের ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা বাঁহাতি পেসার।
কদিন আগে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওভালে তিন উইকেট নেওয়ার ম্যাচে এই চোট পেয়েছিলেন হাল। তখন এটিকে ছোটখাটো সমস্যা বলেই মনে করা হয়েছিল। এজন্যই তাকে পাকিস্তান সফরের দলে রাখা হয়। সতর্কতা হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দল থেকেও সরিয়ে নেওয়া হয় ২০ বছর বয়সী পেসারকে।
তবে শেষ পর্যন্ত চোট ধারণার চেয়ে গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত সফর থেকে প্রত্যাহার করা হলো তাকে। তার বদলে কাউকে দলে যোগ করা হচ্ছে না। ১৬ জনের স্কোয়াড নিয়ে মঙ্গলবার পাকিস্তানে রওনা হবে দল। টেস্ট সিরিজ শুরু ৭ অক্টোবর থেকে।
সফরে থাকলেও অবশ্য হালকে খেলানোর সম্ভাবনা ছিল খুবই কম। মূলত ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময় মনে করেই দলে রাখা হয়েছিল তাকে। বাঁহাতি অ্যাঙ্গেল কাজে লাগানোর পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে আনার সহজাত ক্ষমতা আছে তার। উচ্চতার জন্য বাড়তি বাউন্সও পান তিনি সব ধরনের পিচেই। আগামী অ্যাশেজে তাকিয়ে তাকে পোক্ত করে তুলতে চায় ইংল্যান্ড।
মাত্র ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই ইংল্যান্ডের টেস্ট ক্যাপ পেয়ে যান তিনি। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। এরপর মার্ক উড চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাকে ডাকা হয় টেস্ট দলে। তিনি নিজেই এখন চোটে পড়ে চলে গেলেন বাইরে।