২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড টেস্টে নেই রাশিদ

দীর্ঘ পরিসরের ম্যাচটিতে তারকা লেগ স্পিনারকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2024, 09:31 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি রাশিদ খান। তাই নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাবে না আফগানিস্তান। লাল বলের ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা এই লেগ স্পিনারকে।

ভারতের গ্রেটার নয়ডায় আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে আফগানিস্তান-নিউ জিল্যান্ডের একমাত্র টেস্ট। এই প্রথম ক্রিকেটের অভিজাত সংস্করণে কিউইদের মুখোমুখি হতে যাচ্ছে আফগানরা।

ম্যাচটির জন্য সোমবার ২০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে আফগানিস্তান। যেখানে রাখা হয়নি রাশিদকে।

গত ১২ অগাস্ট হ্যামস্ট্রিং চোটে দা হান্ড্রেড থেকে ছিটকে যান রাশিদ। পরে অবশ্য আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলেন তিনি। তবে টেস্ট খেলার জন্য তাকে এখনও পুরোপুরি ফিট মনে করছে না আফগানিস্তান।

আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সায়েদ নাসিম ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে তুলে ধরেন রাশিদকে বিশ্রাম দেওয়ার বিষয়টি।

“রাশিদ সম্প্রতি চোটে পড়েছিল। তাকে তিন থেকে চার সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও সে শাপাগিজা টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছে। তবে দীর্ঘ সংস্করণের জন্য সে যথেষ্ট সুস্থ নয়।”

“এ কারণে আমরা তার জন্য অপেক্ষা করব। আমরা আশা করছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সে ফিরবে।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানদের ওয়ানডে তিনটি আগামী ১৮, ২০ ও ২২ সেপ্টেম্বর।