২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাথরুমে গোপনে ভিডিও ধারণ করায় শ্রীলঙ্কার দুই যুব ক্রিকেটার গ্রেপ্তার

কলম্বোর একটি হোটেলে থাকা নারীরা অভিযোগ করার পর, ওই ক্রিকেটারদের গ্রেপ্তার করা হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 12:03 AM

Updated : 26 Aug 2026, 03:31 PM

হোটেলে বাথরুমে নারীদের গোসল করার দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পাঁচ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিনে মুক্তি দেওয়া হয় তাদের।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে কলম্বোর নারাহেনপিতার একটি হোটেলে থাকা নারীরা অভিযোগ করার পর ওই ক্রিকেটারদের গ্রেপ্তার করা হয়।

শ্রীলঙ্কা পুলিশ ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে, ভিডিওগুলোর কোনোটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তা বর্তমানে তদন্ত করে দেখছে নারাহেনপিতা পুলিশ।

প্রাথমিক শুনানির জন্য ওই দুই ক্রিকেটারকে আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ মে আবার তাদের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

ওই ক্রিকেটারদের বিরুদ্ধে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এখনও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি। শাম্মি সিলভার নেতৃত্বাধীন কমিটির সদস‍্যদের পদত‍্যাগ ও পালাবদল কমিটি নিয়োগ, সব মিলিয়ে লঙ্কান বোর্ডে অস্থিরতা বিরাজ করছে।