Published : 09 Nov 2025, 06:36 PM
গ্যারি সোবার্স ও রাভি শাস্ত্রির পর প্রথম শ্রেণির ক্রিকেটে ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছেন আকাশ চৌধুরি। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। টানা আট বলে মেরেছেন ছক্কা, মাত্র ১১ বলে ছুঁয়েছেন পঞ্চাশ। গড়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম পঞ্চাশের রেকর্ড।
মূলত একজন পেসার হলেও মেঘালয়ের হয়ে অরুনাচল প্রদেশের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালান আকাশ। বিস্ফোরক ইনিংসে জায়গা করে নেন রেকর্ড বইয়ে।
সুরাটে রোববার রাঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচের দ্বিতীয় দিন তোলপাড় ফেলে দেন আকাশ। তিনি যখন ক্রিজে যান, ৬ উইকেটে মেঘালয়ের রান তখন ৫৭৬। প্রথম বল খেলেন ডট, পরে দুই বলে নেন দুটি সিঙ্গেল।
এরপরই তাকে দেখা যায় অন্য চেহারায়। বাঁহাতি স্পিনার লিমার দাবির ওভারে মারেন টানা ছয়টি ছক্কা।
প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বোলারের এক ওভারে ছয় ছক্কার কীর্তি প্রথম গড়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি সোবার্স, ১৯৬৮ সালে। ১৯৮৪-৮৫ মৌসুমে তিলক রাজের ওভারে ছয় ছক্কায় তার পাশে বসেন ভারতীয় অলরাউন্ডার শাস্ত্রি। টানা ছয় ছক্কা আছে মাইক প্রক্টরেরও। তবে তিনি সেটা মেরেছিলেন দুই ওভার মিলিয়ে।
আকাশ থেমে যাননি সেখানে। পরের ওভারে অফ স্পিনার টিএনআর মোহিথর দুই বলে মারেন দুটি ছক্কা। চোখের পলকে পৌঁছে যান পঞ্চাশে। ১২ বলে পঞ্চাশ ছুঁয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম পঞ্চাশের রেকর্ড ছিল ল্যাঙ্কাশায়ারের ওয়েইন হোয়াইটের। যা তিনি গড়েছিলেন ২০১২ সালে, এসেক্সের বিপক্ষে।
সময়ের দিক থেকে একটুর জন্য দ্রুততম পঞ্চাশের রেকর্ড স্পর্শ করতে পারেননি আকাশ। সময়ের হিসাব রাখা হয়েছে এমন ম্যাচে সবচেয়ে কম আট মিনিটে ১৩ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন লেস্টারশায়ারের ক্লাইভ ইনম্যান। নটিংহ্যামশায়ারের বিপক্ষে ১৯৬৫ সালে গড়া সেই রেকর্ড এখনও অক্ষত রয়েছে। আকাশের পঞ্চাশ ছুঁতে সময় লেগেছে ৯ মিনিট।
পরের তিনটি বল ডট খেলেন আকাশ। শেষ পর্যন্ত ১৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। ৬ উইকেটে ৬২৮ রানে ইনিংস ঘোষণা করে মেঘালয়।
জবাবে প্রথম ইনিংসে কেবল ৭৩ রানে অলআউট হয়ে যায় অরুনাচল প্রদেশ। ফলো-অনে নেমে ৩ উইকেটে ২৯ রানে দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়া আকাশ পরেরটিতে নিয়েছেন ২ উইকেট।
আগের ম্যাচে বিহারের বিপক্ষে ৬২ বলে অপরাজিত ৬০ রান করার পথে চারটি ছক্কা মেরেছিলেন আকাশ।
২৫ বছর বয়সী আকাশ প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন নিজের ৩১তম ম্যাচ। এর আগে ১৪.৩৭ গড়ে দুই অর্ধশতকে তিনি করেছেন ৫০৩ রান। বল হাতে ২৯.৯৭ গড়ে নিয়েছেন ৮৭ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি খেলেছেন ২৮ ম্যাচ, টি-টোয়েন্টি ৩০টি।