Published : 11 May 2026, 08:58 PM
বাংলাদেশের জয়ের সম্ভাব্য একটি ছক কষে দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ব্যাটিং কোচের সেই সমীকরণ শুনে লুফে নিলেন সালমান আলি আগা। চ্যালেঞ্জটা গ্রহণ করতে খুব একটা সময় নিলেন না তিনি। ঝটপট একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন পাকিস্তানি অলরাউন্ডার। বাংলাদেশ সাহস দেখালে তারাও রান তাড়ার পিছু ছুটবেন।
মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১৭৯ রানে। উইকেট আছে সাতটি। বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল দিনের খেলা শেষে বলেছেন, শেষ দিন সকালে দ্রুত রান তুলে ২৬০ রানের মতো লক্ষ্য দিতে চান তারা। তার বিশ্বাস, ৭৫ ওভার বোলিং করতে পারলেই পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে।
আশরাফুলের একটু পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে এলেন সালমান। শুরুতে তিনি শেষ দিনে নিজের লক্ষ্যের কথা জানালেন।
“এই মুহূর্তে বলার উপায় নেই, খেলায় কে সুবিধাজনক অবস্থানে আছে। আগামীকালকের দিনটি টেস্ট ক্রিকেটের হতে যাচ্ছে রোমাঞ্চকর এক দিন। আমরা চাইব যত দ্রুত সম্ভব ওদেরকে অলআউট করতে। এটাই আমাদের কৌশল হতে চলেছে।”
পরে তাকে যখন আশরাফুলের পরিকল্পনার কথা জানানো হলো, তিনিও পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন।
“আমরা অবশ্যই জয়ের জন্যই খেলব। যদি ওরা যথেষ্ট সাহসী হয়, আমাদেরকে ৭০ ওভারে ২৬০ রান দিক, আমরা অবশ্যই তা তাড়া করতে নামব। তবে আমার মনে হয় না ওরা সেটা করবে।”
“যদি ওরা আমাদেরকে দুটো সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো কিছু দেয়, তাহলে আমরা অবশ্যই প্রথমে তাড়া করার চেষ্টা করব এবং তারপর দেখব, পিচ কেমন আচরণ করছে। এই মুহূর্তে আমাদের মনোভাব এমন যে, আমরা এই ম্যাচটা জিততে চাই।”
চতুর্থ দিনে প্রথম সেশন শেষে বেশ ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু পরে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ। বাংলাদেশের লিড হৃষ্টপুষ্ট করার আশায় চোট লাগে তাতে।
বৃষ্টির পর ১৯.৩ ওভারে ৫৯ রান তুলতে পারে বাংলাদেশ। রানের সেই গতি নিয়েও খানিকটা খোঁচা দিয়ে রাখলেন সালমান।
“বৃষ্টির পর ওরা দ্রুত রান করতে পারেনি। যথেষ্ট সময় ছিল, বৃষ্টির পর প্রায় দুই ঘণ্টা হয়ে গেছে। কিন্তু আমি জানি না কাল কী হবে, ওরা হয়তো দ্রুত রান করার চেষ্টা করবে এবং আমাদের যে লক্ষ্য দিতে চায়, তা পূরণ করে দেবে। তবে যা হয়, কাল দেখা যাবে।”