Published : 03 Feb 2026, 08:30 PM
আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের মিডিয়া স্বত্ব সফলভাবে বিক্রি করা হয়েছে। তবে ভারতে এই টুর্নামেন্টের সম্প্রচারের বিষয়টি আপাতত আটকে রেখেছে কর্তৃপক্ষ।
পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসর আগামী ২৬ মার্চ শুরু হয়ে চলবে ৩ মে পর্যন্ত।
এই প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম সরাসরি নিলাম থেকে দল গোছাবে এর ফ্রাঞ্চাইজিগুলো। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্টের এক বছরের বিশ্বব্যাপী মিডিয়া স্বত্ব দেওয়া হয়েছে ওয়ালি টেকনোলজিকে। পিসিবির রিজার্ভ মূল্যের চেয়ে বেশি সর্বোচ্চ দর ডেকে স্বত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি।
মোট অর্থের পরিমাণ অবশ্য জানানো হয়নি। তবে গণমাধ্যমে খবর অনুযায়ী, আগের মৌসুমের থেকে এবারের মূল্য ১৪৯ শতাংশ বেশি।
রেকর্ড মূল্যে মিডিয়া স্বত্ব ব্রিক্রি হওয়ায় খুব খুশি পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির।
“আন্তর্জাতিক মিডিয়া স্বত্ব যে দামে বিক্রি হয়েছে, তাতে আমরা খুব খুশি, এই অঞ্চলেই গতবার যে মূল্যে বিক্রি হয়েছিল তার চেয়ে এবার ১৪৯ শতাংশ বেশি। এতে পিএসএলের ব্র্যান্ড, এর প্রতিদ্বন্দ্বিতার মান ও বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে এর চাহিদার বৃদ্ধির প্রমাণ মেলে।”