পাকিস্তানের জার্সি ঢাকতে বলার ঘটনায় ল্যাঙ্কাশায়ারের ক্ষমা প্রার্থনা
ভারতের ম্যাচে পাকিস্তানের জার্সি গায়ে মাঠে থাকা দর্শককে ওই জার্সি ঢেকে ফেলতে বলেছিলেন নিরাপত্তাকর্মীরা, অনেক তর্কের পর মাঠ ছেড়ে যান ফারুক নাজার নামের ওই দর্শক।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে এক দর্শককে পাকিস্তানের জার্সি ঢাকতে বলা ও পরে তার মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব। কাউন্টি ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, “কোনো বিপর্যয় বা অপরাধ ঘটে থাকলে তা ছিল অনিচ্ছাকৃত এবং পর্যালোচনা করে দেখা হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা অন্যভাবে সামলানো যায়।”
পাকিস্তানের জার্সি ঢাকতে বলার ঘটনায় ফারুক নাজার নামের ওই দর্শকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা তুমুল প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং মাঠের কর্তৃপক্ষ ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়।
পরে ক্লাব কর্তৃপক্ষ তদন্তের ঘোষণা দেয় এবং অভ্যন্তরীণ তদন্তের পর তারা ক্ষমা চেয়ে বিবৃতি দিল।
তবে বিবৃতিতে ল্যাঙ্কাশায়ার জানায়, আগের দিনের একটি ঘটনার প্রেক্ষিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই ঘটনা ঘটে গেছে।
“প্রথমত, আমরা এটি পরিষ্কার করে দিতে চাই যে, স্রেফ পাকিস্তানের শার্ট পরায় কোনো ব্যক্তিকে বের করে দেওয়ার কোনো ইচ্ছে আমাদের ছিল না। শনিবার একটি ঘটনার প্রেক্ষিতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেদিন গ্যালারিতে এক দল সমর্থক পাকিস্তানের পতাকা ওড়াচ্ছিলেন, যা কাছেই থাকা ভারতীয় সমর্থকদের মধ্যে উত্তেজনার জন্ম দেয়। সেই ঘটনায় আমাদের স্টুয়ার্ডরা উত্তেজনা প্রশমিত করে পতাকা নামাতে অনুরোধ করে এবং তারাও কোনো দ্বিধা ছাড়াই পতাকা সরিয়ে নেয়।”
“ওই ঘটনার প্রেক্ষিতে পরদিন রোববার আমাদের নিরাপত্তা দল সতর্কতামূলক ‘সেফটি-ফার্স্ট’ পন্থা বেছে নেয়। সেজন্যই একজন গ্যালারি অধীক্ষক বিনয়ের সঙ্গে ওই ব্যক্তিকে অনুরোধ করেন তার নিজের নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য উত্তেজনা এড়াতে জার্সি ঢেকে ফেলতে। অধীক্ষক ও তার দল বারবার নম্রভাবে অনুরোধ করার পরও ওই ব্যক্তি তা করতে রাজি হননি।”
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ফারুক নাজারের ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, একজন নিরাপত্তাকর্মীকে তিনি বলছেন, “আমাকে পাকিস্তানি শার্ট ঢেকে ফেলতে হবে…! আপনি কে?” প্রেম সিং নামের ওই নিরাপত্তাকর্মী জানান, তিনি ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে কাজ করেন এবং জার্সি ঢাকতে বলার এই নিদের্শনা পেয়েছেন তিনি কর্তৃপক্ষের কাছ থেকে। ওই দর্শক তখন বলেন, নিদের্শনার কোনো লিখিত দলিল যেন দেখানো হয়।
পরে আরও কজন নিরাপত্তাকর্মী এসে ওই দর্শককে আবার বলেন জার্সি ঢেকে রাখতে। একজনকে এরকম বলতে শোনা যায়, “… এটিকে জাতীয়তাবাদী বিবেচনা করা হতে পারে।” ওই দর্শক বলছিলেন, “আমার গর্বের দেশের জার্সি এটি, আপনারা কেন ঢেকে রাখতে বলছেন? সবাই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছে, আমি কেন এটা ঢেকে রাখব!”
নিরাপত্তাকর্মীরা তখন তাকে অনুরোধ করেন গ্যালারি থেকে দূরে সরে আলোচনা করতে। ওই দর্শক তাতে রাজি না হয়ে বলেন, “আমাকে জোর করে নিয়ে যান… কারণ সবকিছুই রেকর্ড করা হচ্ছে।” ওই দর্শক এক পর্যায়ে বলেন, “সবাই রেকর্ড করে রাখবেন দয়া করে। তারা আমাকে নিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, কারও ক্ষতি করিনি আমি।”
আশেপাশে থাকা ভারতীয় দর্শকদের কোনো আপত্তি নেই বলেও জানাচ্ছিলেন তিনি। ওই দর্শক যখন বলেন, “ম্যাচ শুরু হতে আর ১০ মিনিট আছে”, তখন এক পুলিশ কর্মকর্তাকে বলতে দেখা যায়, “আপনি কি ১০ মিনিটের জন্য ওদিকে আসবেন একটু আলোচনা করতে?”
পরে জার্সি না ঢেকে তিনি মাঠ ছেড়ে যান।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক শত্রুতার পথ ধরে ক্রিকেট সম্পর্কও বন্ধ অনেক দিন ধরে। গত এক যুগে দ্বিপাক্ষিক সিরিজের মুখোমুখি হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। কেবল আইসিসি ও এসিসির আসরেই তাদের লড়াই দেখা যায়। সম্প্রতি সাবেকদের ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে দুই দফায় ম্যাচ বয়কট করেছে ভারত।
