সহযোগী দেশগুলোর কিংবদন্তি কোচ ফিরলেন যুক্তরাষ্ট্রের দায়িত্বে
শ্রীলঙ্কার সাবেক কিপার দ্বিতীয় দফায় কোচ হয়ে ফিরলেন যুক্তরাষ্ট্রে, যাকে বলা হয় সহযোগী দেশগুলোর ভাগ্য বদলের নায়ক।
গত বছরের অক্টোবরে স্টুয়ার্ট ল দায়িত্ব ছাড়ার পর থেকে দীর্ঘমেয়াদি কোচ খুঁজছিল যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত পরীক্ষিত একজনকেই বেছে নিল তারা। চেনা মুখ ফিরলেন পুরোনো ভূমিকায়। আবারও যুক্তরাষ্ট্রের কোচ হলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার পুবুদু দাসানায়াকে।
বিশ্ব ক্রিকেটে খুব বড় নাম না হলেও সহযোগী দেশগুলোর কোচিংয়ে কিংবদন্তি এক নাম দাসানায়াকে। যুক্তরাষ্ট্রের দায়িত্বেও তার আছে বড় সাফল্য।
আগের দফায় ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন তিনি। তার কোচিংয়েই ওয়ানডে মর্যাদা পেয়েছিল দেশটি। ক্রিকেটবিশ্বে নিজেদের একটি জায়গা করে নেওয়ার পথেই তারা বেশ এগিয়েছিল সেই সময়টায়।
৫৪ বছর বয়সী এই কোচ নেপাল ও কানাডার দায়িত্বেও দারুণ সফল। কানাডার প্রথম দফার দায়িত্বে তার কোচিংয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয় দলটি। পরে তিনি পাড়ি জমান নেপালে। তার হাত ধরে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে ডিভিশন ফোর থেকে দ্রুতই ডিভিশন ওয়ান-এ জায়গা করে নেয় নেপাল। প্রথমবার বড় আইসিসি আসরেও খেলার যোগ্যতা অর্জন করে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
পরে যুক্তরাষ্ট্র হয়ে আবার তিনি ফেরেন কানাডায়। তার কোচিংয়েই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল দলটি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো যুক্তরাষ্ট্র দলকে এখন তিনি তৈরি করবেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। আপাতত সামনেই আছে ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর খেলা।
যুক্তরাষ্ট্রে ফিরে রোমাঞ্চিত দাসানায়াকে বললেন, আগের মেয়াদের সাফল্যকে তিনি ছাপিয়ে যেতে চান এবার।
“যুক্তরাষ্ট্রের ছেলেদের জাতীয় দলের কোচের দায়িত্বে ফিরতে পারা আমার জন্য সম্মানের। আমার আগের দফার দায়িত্বে আমরা যা অর্জন করেছিলাম, তাতে আমি গর্বিত এবং এই দলের মধ্যে দেখতে পাচ্ছি আরও উঁচুতে যাওয়ার সম্ভাবনা।”
“যুক্তরাষ্টের ক্রিকেটের জন্য অর্থবহ কিছু করতে ক্রিকেটার ও স্টাফদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছি।”
খেলোয়াড়ি জীবনে দাসানায়াকে ছিলেন উইকেট কিপার। ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে। পরে লঙ্কানদের ‘এ’ দলে খেললেও আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি। পরে তিনি থিতু হন কানাডায়। পরে সেই দেশের হয়েও খেলার যোগ্যতা অর্জন করেন। কানাডার হয়ে খেলেন তিনি ২০০৫ আইসিসি ট্রফিতে। তাদের হয়ে খেলেন প্রথম শ্রেণির ক্রিকেটেও।
পরে ৩৬ বছর বয়সেই কানাডার কোচের দায়িত্ব নেন ২০০৭ সালে। কোচিংয়ের সেই পথে তিনি ছুটছেন এখনও।
