১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কলম্বোতে প্রথম দিনে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ছয়জন ব্যাটসম্যান ২০ ছুঁয়েছেন, কিন্তু ফিফটি করতে পারেননি একজনও।

কলম্বোতে প্রথম দিনে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ
গত ম্যাচের জোড়া সেঞ্চুরিয়ান শান্ত এবার ফিরলেন অল্প রানেই। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 06:50 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ২২০ রান করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথমদিনে খেলা হয় ৭১ ওভার। 

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ছয়জন ব্যাটসম্যান ২০ ছুঁয়েছেন, কিন্তু ফিফটি করতে পারেননি একজনও। 

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের ওপেনারদের নতুন বলে চেপে ধরেন আসিথা ফার্নান্দো ও ভিশ্ব ফার্নান্দো। প্রথম চার ওভারে রান আসে পাঁচ। এর মধ্যে একবার কিপার কুসাল মেন্ডিসের হাতে জীবন পান এনামুল হক, পরের বলে একটুর জন্য ধরা পড়েননি তিনি স্লিপে।

তবে রান করার আগেই তিনি আসিথা ফার্নান্দোর বল টেনে আনেন স্টাম্পে। আগের টেস্টের প্রথম ইনিংসের মতো এবারও আউট হন ১০ বলে শূন্য করে।

সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটি লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ হয়ে যায়। লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভার প্রথম বলে বাজে ডেলিভারিতে আরও বাজে শটে উইকেট হারান মুমিনুল (২১)। 

দলের সর্বোচ্চ রান করেন সাদমান ইসলাম। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট।

দলের সর্বোচ্চ রান করেন সাদমান ইসলাম

ভিশ্ব ফার্নান্দোর স্টাম্পের বাইরের বলে ব্যাট পেতে দিয়ে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮)। আগের টেস্টের মতো আলগা শটে স্লিপে ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে দেন সাদমান ইসলাম (৪৬)। 

৭৬ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। তবে দুজনই জীবন পেলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ।

লিটন জীবন পান ২ ও ৩৩ রানে। দুবারই তার ক্যাচ ছাড়েন প্রাবাথ জায়াসুরিয়া। তাকে ৩৫ রানে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান অভিষিক্ত স্পিনিং অলরাউন্ডার সোনাল দিনুশা। জুটি থামে ৬৭ রানে। 

সুইপ খেলে ৮ রানে জীবন পাওয়া মুশফিক সুইপেই উইকেট হারান ৩৫ রানে। দিনুশা পান দ্বিতীয় উইকেট। 

সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান যোগ করেন ৩৭ রান। মিরাজ স্লিপে ধরা পড়েন ৩১ রান করে। একপ্রান্তে লড়াই করে যাওয়া নাঈমকে (২৫) শেষ বিকেলে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন আসিথা। 

দিনের বাকি সময় পার করে দেন তাইজুল ইসলাম ও দুই বছর পর টেস্ট খেলতে নামা ইবাদত হোসেন। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২২০/৮ (সাদমান ৪৬, এনামুল ০, মুমিনুল ২১, শান্ত ৮, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১, নাঈম ২৫, তাইজুল ৯*, ইবাদত ৫*; আসিথা ১৪-২-৪৩-২, ভিশ্ব ১৬-৩-৩৫-২, রাত্নায়াকে ১৬-১-৬৩-১, জায়াসুরিয়া ১১-০-৩৬-০, ধানাঞ্জায়া ৫-০-১৫-১, দিনুশা ৯-৩-২২-২)।