২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিংয়ে ‘গোল্ডেন ডাক’, কিপিংয়ে রেকর্ড গড়লেন লিটন

ব্যাট হাতে ব্যর্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ে কিপিংয়ে রেকর্ড গড়ার পাশাপাশি দারুণ অধিনায়কত্ব করেন লিটন কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 01:31 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

ওয়ানডে সিরিজ লিটন কুমার দাসের জন্য কেটেছে দুঃস্বপ্নের মতো। টি-টোয়েন্টির শুরুতেও ব্যাট হাতে তিনি চরম ব্যর্থ। তবে শেষ পর্যন্ত ম্যাচটি তার জন্য বিভীষিকা হয়ে থাকেনি। কিপিংয়ে তিনি গড়েছেন রেকর্ড। দলের রোমাঞ্চকর জয়ে তার অধিনায়কত্বও ছিল নজরকাড়া।

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে লিটনের রান ছিল ২, ৪ ও ০। টি-টোয়েন্টি সিরিজের প্রথম মাচে আউট হয়ে যান প্রথম বলেই। 

এই সংস্করণে এই নিয়ে ষষ্ঠবার শূন্যতে ফিরলেন তিনি। ‘গোল্ডেন ডাক’ হলো তিনটি। 

উইকেটের সামনে ব্যর্থ হলেও পেছনে তিনি ছিলেন উজ্জ্বল। গ্লাভস হাতে এ দিন চারটি ক্যাচ নেন তিনি, স্টাম্পিং করেন একটি। এই প্রথম বাংলাদেশের কোনো কিপার এক টি-টোয়েন্টিতে পাঁচটি ডিসমিসাল করতে পারলেন।

এর আগে এক ম্যাচে চারটি ডিসমিসালও ছিল না কারও। তিনটি করে ডিসমিসাল ছিল নুরুল হাসনি সোহানের দুবার, মুশফিকুর রহিম ও লিটনেরই একবার করে। 

কিপার হিসেবে লিটনের চার ক্যাচও তাই রেকর্ড। 

এক টি-টোয়েন্টিতে কিপিংয়ের বিশ্বরেকর্ড ৬ ডিসমিসাল। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে যা করেন নিউ জিল্যান্ডের মিচেল হে।

কিপিংয়ের পাশাপাশি সেন্ট ভিনসেন্টের এই জয়ে আলাদা করে বলা যায় লিটনের অধিনায়কত্বের কথাও। পুঁজি খুব বড় না হলেও দলকে দারুণভাবে পরিচালনা করেন তিনি, বোলিং পরিবর্তন, মাঠ সাজানো থেকে শুরু করে চাপের সময় দলকে উজ্জীবিত রাখা, সবকিছুই ছিল চোখে পড়ার মতো। 

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হওয়া শেখ মেহেদি হাসান ম্যাচের পর উচ্ছ্বসিত প্রশংসা করেন লিটনের অধিনায়কত্বের। 

“সব মিলিয়ে লিটন যে অধিনায়কত্ব করেছে, তা অসাধারণ। অধিনায়কত্বে সাহসিকতা দেখিয়েছে আজকে। যে সময় যেটা দরকার, করার চেষ্টা করেছে লিটন।”