শাফিক ও শাকিলকে ফেরাল পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ এবং ইংল্যান্ড সিরিজের জন্য তাদেরকে ডেকেছে পাকিস্তান।
টেস্ট দলের ব্যাটিং লাইনআপের শক্তি বাড়িয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এবং ইংল্যান্ড সফরের জন্য আবদুল্লাহ শাফিক ও সাউদ শাকিলকে ডেকেছে তারা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান প্রথম টেস্টের আগে অনুশীলনের সময় পিঠের নিচের অংশে চোট পান আবদুল্লাহ ফাজাল। তাতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান টপ-অর্ডার ব্যাটসম্যান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ফাজালের বদলি হিসেবে শাফিককে দলে ডেকেছে তারা। ২০২৫ সালের অক্টোবরে সবশেষ টেস্ট খেলেছেন শাফিক। এখন পর্যন্ত ২৪ টেস্ট খেলে পাঁচ সেঞ্চুরিতে এক হাজার ৬১০ রান করেছেন টপ-অর্ডার এই ব্যাটসম্যান।
ফিটনেস সমস্যার কারণে শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে শাকিলকে রাখা হয়নি। তবে দলটির ক্রিকেট পরিচালক আকিব জাভেদ বলেছিলেন, ফিটনেস ফিরে পেলে ইংল্যান্ড সফরের দলে যোগ করা হবে শাকিলকে। কিন্তু ফাজালের অনুপস্থিতিতে, দলের মিডল অর্ডার শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত সময়ের আগেই তাকে ফেরাল পাকিস্তান।
এখন পর্যন্ত ২৩ টেস্ট খেলে চার সেঞ্চুরিতে এক হাজার ৮০২ রান করেছেন শাকিল। বাঁহাতি স্পিনও করতে পারেন তিনি। যদিও এখন পর্যন্ত টেস্টে পাঁচ ইনিংসে ৪৯ বল করে কোনো উইকেট নিতে পারেননি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ শিকার ধরেছেন এই ক্রিকেটার।
ত্রিনিদাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাটিং করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪ রান।
দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু আগামী রোববার। এরপর ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।
