Published : 21 Aug 2025, 04:27 PM
যার নেতৃত্বে মুম্বাইয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছিল, সেই আজিঙ্কা রাহানেকে আসছে মৌসুমে অধিনায়ক হিসেবে পাবে না দলটি। গুরুদায়িত্বটি ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার মতে, নতুন অধিনায়ক তৈরির এখনই সঠিক সময়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার একটি পোস্ট দিয়ে মুম্বাইয়ের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান রাহানে। তবে দলটির হয়ে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।
“মুম্বাইকে নেতৃত্ব দেওয়া এবং দলটির হয়ে চ্যাম্পিয়নশিপ জেতা আমার জন্য পরম সম্মানের। নতুন ঘরোয়া মৌসুম সামনে রেখে, আমি বিশ্বাস করি, নতুন অধিনায়ক তৈরির এটাই সঠিক সময়। তাই আমি অধিনায়কত্বের ভূমিকায় আর না থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
“একজন খেলোয়াড় হিসেবে নিজের সেরাটা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ আমি এবং আরও ট্রফি জয়ে দলকে সাহায্য করতে এমসিএ-এর সঙ্গে আমার যাত্রা অব্যাহত রাখব। আসছে মৌসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে বেশ সফল রাহানে। তার নেতৃত্বে রাঞ্জি ট্রফিতে সাত বছরের শিরোপা খরা কাটায় দলটি; ২০২৩-২৪ মৌসুমে জেতে ভারতের প্রথম শ্রেণির প্রতিযোগিতায় ৪২তম শিরোপা। সেবার ওয়াংখেড়ের ফাইনালে বিদার্ভাকে ১৬৯ রানে হারিয়েছিল মুম্বাই। এর আগে তারা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ২০২৫-১৬ আসরে।
শিরোপা ধরে রাখার অভিযানে নেমে গত মৌসুমে সেমি-ফাইনালে বিদার্ভার বিপক্ষে হেরে যায় মুম্বাই।
রাহানের নেতৃত্ব ২০২২-২৩ মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিও জিতেছিল মুম্বাই। ইডেন গার্ডেন্সের ফাইনালে হিমাচল প্রদেশকে ৩ উইকেটে হারিয়েছিল তারা।
১৮ বছরের পেশাদার ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে মুম্বাইয়ের হয়ে ১৮৬ ম্যাচ খেলা রাহানে দলটিকে নেতৃত্ব দিয়েছেন ৭০ ম্যাচে। তার অধিনায়কত্বে ২৫টি প্রথম শ্রেণি, ১৯টি লিস্ট ‘এ’ ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছে মুম্বাই।
নেতৃত্বে ভালো করলেও লাল বলের ক্রিকেটে গত দুই বছর ব্যাট হাতে ভালো ছন্দে নেই রাহানে। এই সময়ে ২৭ ইনিংসে তার রান কেবল ৪৬৭, সেঞ্চুরির স্বাদ পান মোটে একবার। ভারতের টেস্ট দলে জায়গা হয় না তার দুই বছরের বেশি সময় ধরে; সবশেষ খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য ফর্মে আছেন রাহানে। গত মৌসুমে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে মুম্বাইয়ের সৈয়দ মুশতাক আলি ট্রফি জয়ের পথে বড় অবদান রাখেন তিনি। ৮ ইনিংসে ৫ ফিফটি ও ১৬৪.৫৬ স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৪৬৯ রান করে জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
অধিনায়কের দায়িত্বে রাহানেকে সবশেষ দেখা যায় গত আইপিএলে। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ভালো করতে পারেনি। কেবল পাঁচ ম্যাচ জিতে অষ্টম হয়ে আসর শেষ করে দলটি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রাহানে। ১৪ ইনিংসে ১৪৭.২৭ স্ট্রাইক রেটে কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৯০ রান করেন তিনি।
ভারতকে ৬টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।
বর্তমানে বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলে আসছে মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে মুম্বাই। যেখানে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ১৮ বছর বয়সী আয়ুশ মাত্রে।