২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মার্করামের সেঞ্চুরিতে শিরোপার দুয়ারে দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে ৮ উইকেট চাই অস্ট্রেলিয়ার, ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকার চাই ৬৯ রান।

মার্করামের সেঞ্চুরিতে শিরোপার দুয়ারে দক্ষিণ আফ্রিকা
এইডেন মার্করামের সেঞ্চুরি, টেম্বা বাভুমার ফিফটিতে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের সম্ভাবনায় অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 11:57 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

প্রথম দুই দিনে যেখানে ২৮ উইকেট পড়ল সেখানে তৃতীয় দিনে লোয়ার অর্ডারে দারুণ ব‍্যাটিং করলেন মিচেল স্টার্ক। জশ হেইজেলউডকে নিয়ে তিনি অস্ট্রেলিয়াকে নিয়ে গেলেন দুইশ রানে। টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দিলেন প্রায় তিনশ রানের লক্ষ‍্য। এইডেন মার্করামের সেঞ্চুরিতে সেই লক্ষ‍্য ছুঁয়ে ফেলার খুব কাছে দাঁড়িয়ে টেম্বা বাভুমার দল। 

লর্ডসে শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে শিরোপার সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২৮২ রানের লক্ষ‍্য তাড়ায় তারা দিন শেষ করেছে ২ উইকেটে ২১৩ রানে। 

ক‍্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে ১০২ রানে খেলছেন ওপেনার মার্করাম। তার ১৫৯ বলের চমৎকার ইনিংস গড়া ১১ চারে। এই ওপেনারের সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ২৩২ বলে ১৪৩ রানের জুটি উপহার দেওয়া বাভুমা খেলছেন ৬৫ রানে। তার ১২১ বলের অধিনায়কোচিত ইনিংস গড়া পাঁচ চারে। 

ইতিহাস গড়া জয় থেকে স্রেফ ৬৯ রান দূরে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ‍্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে অস্ট্রেলিয়ার চাই বাকি ৮ উইকেট। 

প্রথম পড়েছিল ১৪ উইকেট, পরের দিনও ১৪টি। সেখানে তৃতীয় দিন পড়েছে কেবল চারটি! টেস্টের যে গতিপথ তাতে জয়ের সম্ভাবনায় এখন অনেক এগিয়ে বাভুমার দল। 

রান তাড়ায় শুরুতেই রায়ান রিকেলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। স্টার্কের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন প্রোটিয়া ওপেনার। 

শুরু থেকে দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মার্করামের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন ভিয়ান মুল্ডার। এই অলরাউন্ডারকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন স্টার্ক। তৃতীয় দিনে এটাই অস্ট্রেলিয়ার শেষ সাফল‍্য।

ক্রিজে গিয়ে সাবধানী ব‍্যাটিংয়ে শুরু করেন বাভুমা। অন‍্য প্রান্তে মার্করামের সাবলীল ব‍্যাটিংয়ে খুব একটা চাপে পড়েননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। থিতু হয়ে যাওয়ার পর তিনিও খেলেন নিজের শট।

প্রায় দেড়শ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়ে ম‍্যাচে চালকের আসনে বসে গেছে দক্ষিণ আফ্রিকা। 

দুই উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন স্টার্ক। অন‍্য দুই পেসার প‍্যাট কামিন্স ও জশ হেইজেলউড খুব একটা সুইং পাননি। তারা এদিন খুব একটা কার্যকর হতে পারেননি।

৮ উইকেটে ১৪৪ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া শুরুতেই হারায় ন‍্যাথ‍ান লায়নের উইকেট। সে সময়ে দেড়শর আশেপাশে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় তারা। 

কিন্তু দশম উইকেটে আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে সেরা জুটিতে দলকে দুইশ রানে নিয়ে যান স্টার্ক ও হেইজেলউড।  দক্ষিণ আফ্রিকাকে বিরক্ত করা ৫৯ রানের জুটি ভাঙেন মার্করাম। তার স্পিনে কেশাভ মহারাজের হাতে ধরা পড়েন হেইজেলউড।  

১৯০ মিনিট উইকেটে থেকে ৫ চারে ৫৮ রানে অপরাজিত থানে স্টার্ক। সব সংস্করণ মিলিয়ে আইসিসি আসরের নকআউট ম্যাচে ৯ নম্বরে বা এর নিচে ব্যাটিংয়ে নেমে ফিফটি করা প্রথম ব্যাটসম্যান তিনিই। তবে এরপরও দিন শেষে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। মার্করাম ও বাভুমার দারুণ জুটিতে শিরোপার স্বপ্ন উজ্জ্বল করে মাঠ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। 

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) 

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২১২

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৩৮ 

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ১৪৪/৮) ৬৫ ওভারে ২০৭ (স্টার্ক ৫৮*, লায়ন ২, হেইজেলউড ১৭; রাবাদা ১৮-১-৫৯-৪, ইয়ানসেন ১৮-৩-৫৮-১, মুল্ডার ৮-১-১৮-১, এনগিডি ১৩-১-৩৮-৩, মহারাজ ৬-১-১৭-০, মার্করাম ২-১-৫-১)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ‍্য ২৮২) ৫৬ ওভারে ২১৩/২ (মার্করাম ১০২*, রিকেলটন ৬, মুল্ডার ২৭, বাভুমা ৬৫*; স্টার্ক ৯-০-৫৩-২, হেইজেলউড ১৩-০-৪৩-০, কামিন্স ১০-০-৩৬-০, লায়ন ১৮-৩-৫১-০, ওয়েবস্টার ৪-০-১১-০, হেড ২-০-৮-০)