১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাং-রবিনসনের কীর্তির দিনে বিপদে পাকিস্তান

পাকিস্তানের প্রথম ইনিংস ১৭১ রানে গুটিয়ে দিয়ে, ২ উইকেটে ১১২ রানে প্রথম দিন শেষ করেছে ইংল‍্যান্ড।

টাং-রবিনসনের কীর্তির দিনে বিপদে পাকিস্তান
আবদুল্লাহ শাফিককে বোল্ড করে অলি রবিনসনের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 12:51 AM

Updated : 11 Sep 2026, 03:52 PM

জশ টাং ও অলি রবিনসনের চমৎকার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। টেস্ট শুরুর দিনে ১৭১ রানে গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস। পরে ব‍্যাটিংয়ে নেমেও ভালোভাবে এগোচ্ছে ইংল‍্যান্ড। 

হেডিংলি টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের রান ২ উইকেটে ১১২। জর্ডান কক্স চারটি চারে ৩৮ বলে খেলছেন ২৩ রানে। জো রুট ৫৩ বলে ছয়টি চারে ব‍্যাট করছেন ৩৭ রানে। 

এই ম‍্যাচ দিয়ে ইংল‍্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে রুটের। 

এর আগে টাং ও রবিনসনের দারুণ বোলিংয়ে ৪৮.১ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ১ম ইনিংস। ক‍্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন টাং, পঞ্চমবারের মতো রবিনসন। 

এ নিয়ে ষোড়শবার টেস্টের কোনো ইনিংসে পাঁচ উইকেট করে নিলেন ইংল্যান্ডের দুই বোলার। ২০ বছরের মধ‍্যে যা প্রথম। ২০০৬ সালে ম্যানচেস্টারে সবশেষ পাকিস্তানের বিপক্ষেই মন্টি পানেসার ও স্টিভ হার্মিসন নিয়েছিলেন পাঁচটি করে উইকেট।

আর শুধু পেসারদের বিবেচনায় ১৯৯৮ সালে সবশেষ এই কীর্তি অ্যাঙ্গাস ফ্রেজার ও অ্যান্ডি ক্যাডিক; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদ টেস্টের প্রথম ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন তারা। 

টস হেরে ব‍্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। রবিনসনের করা ম‍্যাচের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে যান আজান আওয়াইস। একটু পরে এলবিডব্লিউ হন শান মাসুদও। 

তৃতীয় উইকেটে ইমাম-উল-হাক ও আব্দুল্লাহ শাফিকের জুটিতে প্রতিরোধ গড়ে পাকিস্তান। এই জুটিতে রানও আসে বেশ দ্রুত। টাংয়ের বলে ইমাম স্লিপে ক‍্যাচ দিলে ভাঙে ৯১ রানের জুটি। 

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। পরের সাত জুটির কেবল একটি যেতে পারে ত্রিশের ঘরে। দলটি শেষ সাত উইকেট হারায় কেবল ৭৪ রানে। 

বাবর আজমের চোটে সুযোগ পাওয়া সাউদ শাকিল রিভিউ নিতে কয়েক মিলি সেকেন্ড দেরি করে ফেলেন! এর মাশুল দেন তিনি নিজের উইকেট হারিয়ে। সময়মতো রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি, রবিনসনের বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের উপর দিয়ে। 

চমৎকার ব‍্যাটিং করতে থাকা শাফিকের প্রতিরোধ ভাঙেন রবিনসন। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হন ছন্দে থাকা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। তিনি আট চারে ১০৪ বলে করেন ৬১ রান। 

চা-বিরতির আগে পরপর দুই বলে ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আলি আগা ও আলি উসমানকে ফিরিয়ে পাকিস্তানের বিপদ বাড়ান টাং। পরে শেষ বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যান মোহাম্মদ রিজওয়ানকেও বিদায় করেন তিনি। 

৪৮তম ওভারের শেষ বলে খুররাম শাহজাদকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ন করেন রবিনসন। পরের বলে মোহাম্মদ আব্বাসকে বোল্ড করে পাকিস্তানের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন টাং। 

চতুর্থবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টের কোনো ইনিংসে পাঁচ উইকেট করে নিলেন দুইজন বোলার।   

জবাব দিতে নেমে নবম ওভারে ভাঙে ইংল‍্যান্ডের শুরুর জুটি। আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে যান বেন ডাকেট। মোহাম্মাদ আলির পরের ওভারে সালমানের হাতে ধরা পড়েন এমিলিও গে। ৩১ বলে সাত চারে তিনি করেন ৩৩ রান।

বাকি সময়টা কাটিয়ে দেন কক্স ও রুট। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৯০ বলে তারা গড়েন ৬৪ রানের জুটি। এখনও ৫৯ রানে পিছিয়ে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৮.১ ওভারে ১৭১ (আওয়াইস ০, ইমাম ৪২, মাসুদ ৫, শাফিক ৬১, শাকিল ৫, সালমান ২১, রিজওয়ান ১২, উসমান ০, শাহজাদ ১৪, আব্বাস ২, আলি ০*;  রবিনসন ১৮-৩-৫১-৫, আর্চার ৯-৪-২৬-০, অ‍্যাটকিনসন ১২-১-৪০-০, টাং ৯.১-০-৪৬-৫)

ইংল‍্যান্ড ১ম ইনিংস: ২৫ ওভারে ১১২/২ (ডাকেট ১৫, গে ৩৩, কক্স ২৩*, রুট ৩৭*; আব্বাস ১০-২-৩৪-১, শাহজাদ ৭-০-২৮-০, আলি ৭-০-৩৮-১, উসমান ১-০-৮-০)