Published : 29 Dec 2025, 06:32 PM
দুই দিনে শেষ হওয়া বক্সিং ডে টেস্টের উইকেট নিয়ে চলছে প্রবল বিতর্ক। পিচ নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার গণমাধ্যমের প্রতিক্রিয়ায় দ্বিচারিতা দেখছেন আকাশ চোপড়া। সাবেক ভারতীয় ব্যাটসম্যান বলছেন, ভারতে দুই দিনে টেস্ট শেষ হলে এখানকার টার্নিং উইকেট নিয়ে একই গণমাধ্যমে সমালোচনার স্রোত বয়ে যেত।
অ্যাশেজের চতুর্থ টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) উইকেটে ঘাস রেখে দেওয়া হয়েছিল ১০ মিলিমিটার। পেসারদের জন্য ছিল প্রবল সহায়তা। ব্যাটসম্যানদের কাজ ছিল অনেক কঠিন। প্রথম দিনে ২০টিসহ দুই দিনে পতন হয় ৩৬ উইকেট। ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ৪ উইকেটে।
নিজের ইউটিউব চ্যানেলে আলাপে আকাশ চোপড়া বলেন, এমসিজির পিচকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয়ে যাওয়াটা ঠিকই আছে। তিনি প্রশ্ন তোলেন, ভারতে দুই দিনে টেস্ট শেষ হলেও কি দেশ দুটির গণমাধ্যমের প্রতিক্রিয়া একই রকম হতো?
“আহমেদাবাদে (২০২১ সালে ভারত ও ইংল্যান্ডের টেস্ট) যখন দুই দিনের মধ্যে ম্যাচ শেষ হয়েছিল, তখন বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ‘টেস্ট ক্রিকেটের মৃত্যু।’ সেখানে (অস্ট্রেলিয়ায়) তারা বলে যে, পিচ আসলে খারাপ নয়, দুই দিনের টেস্ট ম্যাচগুলোও তো দারুণ। কী পরিমাণের দ্বিচারিতা।”
পার্থে চলতি অ্যাশেজের প্রথম টেস্টও শেষ হয়েছিল দুই দিনে। সেই প্রসঙ্গও তোলেন ১০টি টেস্ট খেলা আকাশ চোপড়া।
“আমি ভণ্ডামির কথা বলছি। পার্থে ম্যাচটি দুই দিনের মধ্যে শেষ হয়ে গেল। আইসিসি এটিকে খুব ভালো পিচ হিসেবে মূল্যায়ন করল। পুরো বিশ্ব বলল পিচ ভালো ছিল, ব্যাটসম্যানদের কৌশল খারাপ ছিল। তারপর মেলবোর্নেও একই ঘটনা ঘটল। ম্যাচটি দুই দিনের মধ্যে শেষ হয়ে গেল। সেখানেও তারা বলল, পিচ ভালো ছিল, একটু বেশি সহায়তা ছিল (বোলারদের জন্য), কিন্তু ব্যাটসম্যানদের কৌশল খারাপ ছিল।”
মেলবোর্ন টেস্টে দুই দলের কারো একাদশে কোনো স্পিনার ছিল না। আকাশ চোপড়ার বিশ্বাস, ভারতে টেস্ট ম্যাচে শুধু স্পিনারদের খেলালে বিদেশি গণমাধ্যম সমালোচনায় মেতে উঠত।
“মেলবোর্নে স্পিনে একটি ওভারও বল করা হয়নি এবং ম্যাচটি শেষ হয়ে গেল। এটা কীভাবে ঠিক? যদি ভারতে বা উপমহাদেশের কন্ডিশনে কোনো টেস্ট ম্যাচ হয় এবং ফাস্ট বোলিংয়ে একটি ওভারও বল না করা হয়, তাহলে ঠিকই হইচই হয়, কিন্তু সেখানে তা হয় না।”
এমসিজির পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে স্টেডিয়ামটিকে।