১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

‘পিসিবির ডাকে’ বিগ ব্যাশ ছেড়ে দেশে ফিরছেন আফ্রিদি

অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে পারছেন না পাকিস্তানের বাঁহাতি এই পেসার।

‘পিসিবির ডাকে’ বিগ ব্যাশ ছেড়ে দেশে ফিরছেন আফ্রিদি
ব্রিজবেন হিটের জার্সিতে শাহিন শাহ আফ্রিদি। ছবি: ব্রিজবেন হিট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 07:38 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। এই সময়ে চোট থাবা দিয়েছে শাহিন শাহ আফ্রিদির শরীরে। অভিজ্ঞ এই পেসারকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অস্ট্রেলিয়ায় চলমান বিগ ব্যাশে ব্রিজবেন হিটের হয়ে খেলছেন আফ্রিদি। গত শনিবার অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান তিনি। দ্বিতীয় ইনিংসে চতুর্দশ ওভার করার সময় তাকে খোঁড়াতে দেখা যায়। তখন ডান হাঁটুর দিকে ইঙ্গিত করছিলেন তিনি। এই চোটই তাকে আসরের বাকি অংশ থেকে ছিটকে দিয়েছে।

নিজের চোট পাওয়ার কথা এবং পিসিবির দেশে ডাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার নিশ্চিত করেন আফ্রিদি নিজেই।

“আমাকে অগাধ ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য ব্রিজবেন হিট দল এবং সমর্থকদের কাছে কৃতজ্ঞ। অপ্রত্যাশিত চোটের কারণে, পিসিবি আমাকে দেশে ফিরতে বলেছে এবং সেখানে আমাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আশা করি, আমি শিগগিরই মাঠে ফিরব। এর মাঝে, আমি চমৎকার দলটিকে সমর্থন করে যাব।”

অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে বুধবার খেলবে ব্রিজবেন হিট। বিবৃতিতে ব্রিজবেন বলেছে, দল অ্যাডিলেইড থেকে ফেরার পর আফ্রিদির অবস্থা ফের পর্যালোচনা করা হবে। এরপর হয়তো পাকিস্তানের উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়তে পারেন বাঁহাতি পেসার।

আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বৈশ্বিক আসরে পাকিস্তানের অভিযান। এর আগে শ্রীলঙ্কায় তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। এই সিরিজের দলে অবশ্য রাখা হয়নি আফ্রিদিকে।

প্রথমবার বিগ ব্যাশে খেলতে গিয়ে ভালো করতে পারেননি আফ্রিদি। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কেবল দুটি উইকেট নিয়েছেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছেন ১১.১৯ করে।

টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচে তো বিব্রতকর এক অভিজ্ঞতা হয়েছিল আফ্রিদির। ওভারে দুটি বিমার করায় বোলিং থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল তাকে।

চার ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছেন ব্রিজবেন হিট।