২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির ‘নতুন কোচিং স্টাফে’ বিশ্বকাপ জয়ী মুনাফ প্যাটেল

২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় এই পেসারকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

দিল্লির ‘নতুন কোচিং স্টাফে’ বিশ্বকাপ জয়ী মুনাফ প্যাটেল
মুনাফ প্যাটেল। ছবি: দিল্লি ক্যাপিটালস ফেইসবুক পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 10:45 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

রিকি পন্টিংয়ের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করার পর কোচিং স্টাফ নতুন করে সাজাচ্ছে দিল্লি ক্যাপিটালস। এবার বোলিং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী মুনাফ প্যাটেলকে নিয়োগ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার মুনাফকে নতুন কোচিং স্টাফে নেওয়ার কথা নিশ্চিত করেছে দিল্লি। দলটির ক্রিকেট পরিচালক হিসেবে আছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভেনুগোপাল রাও। প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক ভারতীয় সাবেক ব্যাটসম্যান হেমাং বাদানিকে।

গত জুলাইয়ে দুটি বিশ্বকাপ জয়ী সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিংয়ের সঙ্গে দিল্লির সম্পর্কের ইতি ঘটে। এর আগে দীর্ঘ ৭ বছর দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি।

নতুন কোচিং স্টাফে ভারতীয়দের প্রাধান্য দিচ্ছে দিল্লি। ভেনুগোপাল ও বাদানি মিলে সাজাচ্ছেন দলটির সাপোর্ট স্টাফ। সেই পথচলায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস হোপসের স্থলাভিষিক্ত হলেন মুনাফ।

খেলোয়াড়ি জীবনে তিন সংস্করণেই ভারতের প্রতিনিধিত্ব করেন মুনাফ। ১৩ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলেন তিনি দেশের জার্সিতে। 

২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারত দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই পেসার। টুর্নামেন্টে জাহির খান ও ইউভরাজ সিংয়ের পর দলটির তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

আইপিএলে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট লায়ন্সের হয়ে ৬৩ ম্যাচ খেলেন মুনাফ। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ওভারপ্রতি ৭.৫১ রান দিয়ে তার উইকেট ৭৪টি। আইপিএলে সবশেষ মাঠে নামেন ২০১৭ সালে।