১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাতেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ, তাসকিন ও ফিজিও

পার্থে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন দুই পেসার।

রাতেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ, তাসকিন ও ফিজিও
ফিজিও বায়েজেদুল ইসলাম খানের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা (বাঁয়ে) ও তাসকিন আহমেদ (ডানে)। ছবি: তাসকিনের ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 12:16 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ঠিকই যাচ্ছেন নাহিদ রানা। তবে খেলতে নয়, চিকিৎসকের পরামর্শ নিতে। তার সঙ্গী হচ্ছেন তাসকিন আহমেদও। কারণটা একই। দুই পেসারের সঙ্গে যাচ্ছেন জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান। 

মঙ্গলবার রাত পৌনে ১২টার ফ্লাইটে পার্থে যাচ্ছেন এই তিনজন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বাংলাদেশের দুই পেসার।

তাসকিনের আপাতত তেমন কোনো চোট সমস্যা নেই। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াডেও আছেন তিনি। তার পরও তাকে পাঠানো হচ্ছে মূলত পুরনো চোটগুলোর অবস্থা খতিয়ে দেখতে। নাহিদের এই যাত্রার সঙ্গেও তার বর্তমান চোটের সম্পর্ক নেই। তারও পুরনো এক চোটের অবস্থা পরীক্ষা করা হবে।

হঠাৎ কেন দুই পেসারকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রয়োজন পড়ল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তা জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফিস।

“এটা আসলে আমাদের পুরনো প্র্যাকটিস। যখনই আমরা এমন কোনো দেশে সফরে যাই, যেখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত, সেখানে আমরা চেষ্টা করি ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী চোটগুলি পরীক্ষা করাতে। নাহিদ রানার যেমন শিনবোনোর একটি সমস্যা আছে সেই অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই। তাসকিনের অ্যাংকল, কাঁধ, এরকম নানারকম সমস্যা নানা সময়ে হয়েছে।

আমাদের প্রেসিডেন্ট (তামিম ইকবাল) যেহেতু ক্রিকেট অপারেশন্সও দেখভাল করেন, তার মনে হয়েছে অস্ট্রেলিয়ায় এবার আমাদের পেসারদের চোটের অবস্থা বিশদভাবে খতিয়ে দেখতে। পার্থে চার দিন ধরে ওদের যত রকম পরীক্ষা করানো সম্ভব, সব কিছু করানো হবে। ওদের সঙ্গে ফিজিও থাকবে সবকিছু ভালোভাবে বুঝে নিতে।”

পরীক্ষা করিয়ে আগামী রোববার দেশে ফিরবেন নাহিদ। পার্থ থেকে ডারউইনে দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন ও ফিজিও। 

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগামী ১৩ অগাস্ট। এর আগে ডারউইনে একটি প্রস্তুতি ম্যাচও আছে। সাইড স্ট্রেইনের কারণে এই সিরিজে খেলতে পারছেন না নাহিদ।