Published : 27 Dec 2025, 11:15 AM
বিগ ব্যাশে আর খেলতে পারার সম্ভাবনা নেই বললেই চলে। শঙ্কার সীমানায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। বিশ্ব আসরে খেলতে পারবেন তো টিম ডেভিড? দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের সামনে ঝুলছে এখন বড় প্রশ্ন।
বিগ ব্যাশের ম্যাচে শুক্রবার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন ডেভিড। পার্থ স্কর্চার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের হয়ে ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলে দলের জয় একরকম নিশ্চিত করে ফেলেন তিনি। তবে এই ইনিংসের পথেই রান নিতে গিয়ে টান লাগে হ্যামস্ট্রিংয়ে। মাঠ ছেড়ে যান তিনি তখনই।
এই বছর ডেভিডের দ্বিতীয় হ্যামস্ট্রিংয়ের চোট এটি। আগের দফায় টান লেগেছিল গত আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের অভিযানে শেষ দিকে তিনি খেলতে পারেননি। সেই দফায় মাঠের বাইরে থাকেন দুই মাস। পরে অনেক সাবধানতায় তাকে আস্তে আস্তে খেলায় ফেরায় অস্ট্রেলিয়া।
এবারের চোট যখন পেলেন তিনি, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই দেড় মাসও। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে এখন অপরিহার্য নাম ডেভিড। বিশেষ করে, ফিনিশার থেকে এ বছর চার-পাঁচ নম্বরে প্রমোশন পেয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
শনিবার স্ক্যান করানোর পর বোঝা যাবে, তার চোট কতটা গুরুতর এবং কতদিন তাকে বাইরে থাকতে হতে পারে।
ম্যাচের পর চ্যানেল সেভেনে সাক্ষাৎকারে ডেভিডের কণ্ঠে ফুটে উঠল অনিশ্চয়তা।
“দ্বিতীয় রান নেওয়ার সময় কিছু একটা অনুভব করি। খুব আদর্শ কিছু নয় তা। চাইনি ক্রিজে থেকে তা আরও বাজে হোক। বিশ্বাস ছিল, ছেলেরা বাকি কাজটুকু করতে পারবে। অপেক্ষা করছি (স্ক্যানের জন্য), দেখা যাক কী হয়…।”
গত মৌসুমে শিরোপাজয়ী হোবার্ট হারিকেন্সের জন্য বিশাল এক ধাক্কা ডেভিডকে হারানো। অধিনায়ক ন্যাথান এলিসের কণ্ঠে ফুট উঠল সেই হাহাকার। জাতীয় দলের জন্যও শঙ্কার ছবিটা দেখছেন এই পেসার।
“আমাদের বেশ কজনের চোখ যে বিশ্বকাপেও আছে, সেটা স্বীকার না করলে মিথ্যে বলা হবে। সবকিছুর আগে, সতীর্থ হিসেবে আমি স্রেফ বিধ্বস্ত যে, হারিকেন্সের কিছু ম্যাচে তাকে পাব না। আশা করি, সে সবকিছু ঠিকঠাক করবে এবং সম্ভব হলে টুর্নামেন্টের শেষ দিকে ফিরবে এবং এরপর বিশ্বকাপেও তাকে পাওয়া যাবে।”
“অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্য সে মহাগুরুত্বপূর্ণ একজন, সেটায় লুকোচুরির কিছু নেই। সে চার নম্বরে ব্যাট করছে ও দাপট দেখাচ্ছে। কাজেই অপেক্ষা করব যে খুব বাজে কিছু হয়নি তার।”
এ বছর অস্ট্রেলিয়ার হয়ে ১০ ইনিংসে ৪৯.৩৭ গড় ও ১৯৭.৫ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করেছেন ডেভিড। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতরানের স্বাদও পেয়েছেন এবারই। সব টি-টোয়েন্টি মিলিয়ে এ বছর তার রান ৩৯.৭ গড় ও ১৭২.৮৯ স্ট্রাইক রেটে ১ হাজার ২০৩।