আইপিএল
Published : 23 Apr 2026, 10:04 PM
ইনিংসের শেষ বল। সেঞ্চুরি ছুঁতে তিন রান প্রয়োজন সাঞ্জু স্যামসনের। শর্ট বলটি পুল করলেন তিনি। এক ড্রপে বল চলে গেল সীমানার বাইরে। মুখে মৃদু হাসি নিয়ে ব্যাট-হেলমেট দুই হাতে উঁচিয়ে ধরলেন চেন্নাই সুপার কিংস ওপেনার।
ওয়াংখেড়েতে বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেলেন স্যামসন। ছয়টি ছক্কা ও ১০টি চারে ৫৪ বলে ১০১ রান করেন এই কিপার-ব্যাটসম্যান।
এবারের আইপিএলের শুরুটা একদমই ভালো ছিল না স্যামসনের। প্রথম তিন ম্যাচে কেবল ২২ রান করতে পারেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১১ এপ্রিল ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসেন ডানহাতি ব্যাটসম্যান। ওই সেঞ্চুরির দুই ম্যাচ পর করলেন আরেকটি।
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের এক আসরে একাধিক সেঞ্চুরির স্বাদ এই প্রথম পেলেন স্যামসন। চেন্নাইয়ের হয়ে এক আসরে দুটি সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। ২০১৮ আসরে দুটি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
সব মিলিয়ে, আইপিএলে স্যামসনের সেঞ্চুরি হলো পাঁচটি। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে তিনজনের- ক্রিস গেইল (৬টি), জস বাটলার (৭টি) ও ভিরাট কোহলি (৮টি)।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অষ্টম সেঞ্চুরি উপহার দিলেন সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে এই সংস্করণে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল কোহলি ও আভিশেক শার্মার, দুজনেরই ৯টি করে।
ম্যাচের ষষ্ঠ ডেলিভারিতে জাসপ্রিত বুমরাহকে চার মারেন স্যামসন। পরে চতুর্থ ওভারে হার্দিক পান্ডিয়াকে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। দারুণ খেলতে থাকা ব্যাটসম্যান চার মেরে স্পর্শ করেন ফিফটি, ২৬ বলে।
পঞ্চাশের পর যেন কিছুটা খোলস বন্দি হয়ে যান স্যামসন। পরের ১১ বলে স্রেফ ৯ রান করতে পারেন তিনি। কৃশ ভাগাতকে ষোড়শ ওভারে দুটি চার ও একটি ছক্কা মেরে ফের ডানা মেলে দেন অভিজ্ঞ ক্রিকেটার।
শেষ ওভারে এই পেসারের ওপরই ছড়ি ঘোরান স্যামসন। ডিপ মিডউইকেট দিয়ে ছক্কায় উড়িয়ে ওভার শুরু করেন তিনি। চতুর্থ বলে মারেন আরেকটি। এরপর শেষ বলের চারে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পৌঁছে যান স্যামসন।
চেন্নাইকে এদিন একাই টানেন স্যামসন। দলের আর কেউ ২৫ রানও করতে পারেননি। তার নৈপুণ্যে ২০৭ রান করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।