২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভারে ৬ ছক্কায় ইউভরাজ-পোলার্ডদের পাশে বুলগেরিয়ার ব্যাটসম্যান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার চতুর্থ নজির এটি।

ওভারে ৬ ছক্কায় ইউভরাজ-পোলার্ডদের পাশে বুলগেরিয়ার ব্যাটসম্যান
ইউভরাজ সিং ও মানান বাশির (ডানে)। ছবি: আইসিসি ও ইউরোপিয়ান ক্রিকেট এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

মুখোমুখি প্রথম বলে এক রান। একটু পরই মানান বাশিরের রান হয়ে গেল ৭ বলে ৩৭! এক ওভারে ছয় বলের সবকটিতেই ছক্কা মেরে রেকর্ড বইয়ে নাম লেখালেন বুলগেরিয়ার এই ব্যাটসম্যান।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে রোববার জিব্রাল্টারের বিপক্ষে এই কীর্তি গড়েন বাশির। রান তাড়ায় ইনিংসের ষোড়শ ওভারে ৩৭ বছর বয়সী অফ স্পিনার কাবির মিরপুরির সব ডেলিভারিই তিনি আছড়ে ফেলেন সীমানার ওপারে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার চতুর্থ নজির এটি। বাশিরের আগে এই স্বাদ পেয়েছেন ভারতের ইউভরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নেপালের দিপেন্দ্রা সিং ঐরি।

ওয়ানডে ক্রিকেটে ওভারে ছয় ছক্কা মারতে পেরেছেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা। টেস্টে এখনও এটি পারেননি কেউ।

প্রথম শ্রেণির ক্রিকেটে এই কীর্তি আছে স্যার গ্যারি সোবার্স ও রাভি শাস্ত্রির, ঘরোয়া টি-টোয়েন্টিতে হাজরাতউল্লাহ জাজাই ও লিও কার্টারের।

প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে এই স্বাদ পেলেন বাশির।

বুলগেরিয়ার সোফিয়ায় এ দিন ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় তিনি চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ইনিংসের পঞ্চদশ ওভারের শেষ বলের আগে। ওই বলে সিঙ্গল নিয়ে পরের ওভারেই ছয় ছক্কার তাণ্ডব। ৭ ছক্কায় ৯ বলে ৪৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান।

ছক্কা মারার জন্য আলাদা পরিচিতি আছে বাশিরের। এই ত্রিদেশীয় সিরিজে যেমন ৫ ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন ২৮টি। ২১ ছক্কার বেশি নেই আর কারও। ৩৩৮.৮০ স্ট্রাইক রেটে তিনি করেছেন ২২৭ রান।

বুলগেরিয়ার হয়ে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তার ছক্কা ৩১টি।